বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ১৯:৩৯

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৭ সালের পরও বায়ার্ন মিউনিখে থাকার জন্য ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

সোমবার মিউনিখে আয়োজিত এক মিডিয়া ডে’তে ৩৩ বছর বয়সী ইংলিশ অধিনায়ক সাংবাদিকদের বলেন, বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে ফেরার পর চুক্তি নবায়নের আলোচনা শুরু করার কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে যায়। তবে শিগগিরই আলোচনা শুরু হবে। চুক্তি বাড়ানোর আলোচনা কবে শুরু হবে, এমন প্রশ্নের জবাবে কেন বলেন, “ঠিক কখন, তা নিশ্চিত নই। তবে এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে শুরু হবে।”

তিনি আরও বলেন, “আমরা শান্ত আছি, তারাও পরিস্থিতি নিয়ে শান্ত আছে। এখন আলোচনা শুরু করার সময়, কারণ আর মাত্র এক বছর বাকি। তবে দুই পক্ষই স্বস্তিতে আছে এবং আমি মোটামুটি নিশ্চিত, এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে আলোচনা হবে।”

২০২৩ সালে চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দেন কেন। এরপর তিনি দুটি বুন্দেসলিগা শিরোপা ও একটি জার্মান কাপ জিতেছেন। তিন মৌসুমের দুটিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও খেলেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে ১৪৭ ম্যাচে অবিশ্বাস্য ১৪৬ গোল করেছেন তিনি।

বায়ার্ন বারবার জানিয়েছে, কেনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে তারা আগ্রহী। গত মৌসুম শেষে সাবেক টটেনহ্যাম স্ট্রাইকারকে ক্লাবের সর্বকালের সেরা ট্রান্সফার বলেও অভিহিত করেছিল তারা। জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেনের নতুন চুক্তির মেয়াদ অন্তত ২০২৯ সাল পর্যন্ত হতে পারে।

মঙ্গলবার জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা লোথার ম্যাথাউস বলেছেন, এ বছরের ব্যালন ডি’অরের জন্য কেনকেই সবার তুলনায় এগিয়ে রাখা উচিত। ১৯৯১ সালে ব্যালন ডি’অর জয়ী ম্যাথাউস বলেছেন, দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে কেনই এই পুরস্কারের যোগ্য। গত মৌসুমে ৫১ ম্যাচে ৬১ গোল করেছেন কেন।

জার্মানির স্কাই স্পোর্টসের জন্য লেখা এক কলামে ম্যাথাউস বলেন, “কেন অসাধারণ পারফরম্যান্স দিয়েছে এবং আমার মতে তার পুরো মৌসুমে একটিও দুর্বল সময় ছিল না।”বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন আগামী শনিবার মৌসুম শুরুর সুপারকাপে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলবে।