বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ১৯:৩৬

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এ বছর এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন না বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। একই সঙ্গে তিনি বলেছেন, আলভারেজকে ঘিরেই তিনি দল গড়তে চান। গত মাসে আলভারেজকে দলে ভেড়াতে বার্সেলোনা নিয়মবহির্ভূতভাবে যোগাযোগ করেছে, এমন অভিযোগ করে ফিফার কাছে নালিশ করেছিল এ্যাথলেটিকো।

২৬ বছর বয়সী আলভারেজকে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের সঙ্গে সম্ভাব্য দলবদরের সঙ্গেও জড়ানো হয়েছে। জুনে রিয়াল মাদ্রিদ তার জন্য ১৫ কোটি ইউরোর (১৭ কোটি ৩৪ লাখ ডলার) প্রস্তাব দিয়েছিল, যা প্রত্যাখ্যান করে এ্যাথলেটিকো।

বুধবার মালাগার বিপক্ষে এ্যাথলেটিকোর লা লিগা অভিযান শুরুর আগে সিমিওনে বলেন, “সে অসাধারণ একজন মানুষ। কয়েক দিন আগে আমরা ভালোভাবে কথা বলেছি, যেমনটা আমরা সবসময় করি।” “সে আমাদের দলের সেরা ফরোয়ার্ড। গত বছরও আমি এটা বলেছিলাম, এখনও আমি সেটাই মনে করি। আমাদের তাকে ঘিরে একটি দল গড়ে তোলার চেষ্টা করতে হবে।”

এ্যাথলেটিকোর প্রধান নির্বাহী কর্মকর্তা মিগেল আনহেল মারিনও বারবার বলেছেন, আলভারেজ বিক্রির জন্য নয়। সিমিওনে আরও বলেন, “ক্লাবের মালিক যখন এত স্পষ্টভাবে কথা বলেন, তখন আর কিছু যোগ করার নেই। এটা অনেকটা আদালতের কার্যক্রমের মতো, মামলাটি খারিজ হয়ে গেছে।”

দুই বছর আগে ম্যানচেস্টার সিটি থেকে এ্যাথলেটিকোতে যোগ দেওয়ার পর আলভারেজ ক্লাবটির হয়ে ৪৯টি গোল করেছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের দায়িত্ব পালনের সময় তিনি বলেছিলেন, “সবার জন্য একটি দলবদলই সবচেয়ে ভালো হবে বলে আমি বিশ্বাস করি”। তবে কোন ক্লাবে যেতে চান তা নিশ্চিত করেননি।

চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে গত মৌসুমে লা লিগায় চতুর্থ স্থানে শেষ করেছিল এ্যাথলেটিকো।