শিরোনাম

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : গল-এ ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন সকালে সীমানার কাছে ফিল্ডিং করার সময় কাঁধ ও ঘাড়ে চোট পাওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে শ্রীলংকার টপ অর্ডার ব্যাটার দিনেশ চান্ডিমালকে।
ইনজুরির অবস্থা বুঝতে স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এই অভিজ্ঞ ব্যাটারকে।
দ্বিতীয় ইনিংসে ভারতের ওপেনার লোকেশ রাহুলের বাউন্ডারি ঠেকাতে স্কয়ার লেগে ডাইভ দিয়ে পড়ে গিয়ে কাঁধে ও ঘাড়ে ব্যথা পান ৯২ টেস্ট খেলা চান্ডিমাল। এরপর সীমানার বাইরে শুয়ে থেকে দলের ফিজিওদের অধীনে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে ঘাড়ে হাত দিয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন চান্ডিমাল।
চান্ডিমালের জায়গায় ফিল্ডিং করতে নামেন পাসিন্দু সুরিয়াবান্দারা। ভারতের ইনিংস শেষে চান্ডিমালের কনকাশন বদলি হিসেবে সুরিয়াবান্দারার নাম জানায় শ্রীলংকা।
এখনও টেস্ট অভিষেক হয়নি ২৬ বছর বয়সী ডান-হাতি ব্যাটার সুরিয়াবান্দারার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৮ ম্যাচ খেলে ১৪ সেঞ্চুরি ও ২৩ হাফ-সেঞ্চুরিতে ১০২ ইনিংসে ৫৪.৩৬ গড়ে ৪৮৯৩ রান করেছেন তিনি।
টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৪৬২ রানের জবাবে ২৮৪ রানে অলআউট হয় শ্রীলংকা। এই ইনিংসে তিন নম্বরে নেমে ১৬ বলে ৪ রান করেন তিনি। প্রথম ইনিংস থেকে পাওয়া ১৭৮ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানে অলআউট হয়েছে ভারত। জয়ের জন্য শ্রীলংকাকে ৩৭২ রানের টার্গেট ছুঁড়ে দেয় টিম ইন্ডিয়া।