শিরোনাম

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিতে পৌঁছেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে প্রায় ৭ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে দলে নেবে বার্সেলোনা।
বার্সেলোনা জানিয়েছে, “আগামী কয়েক দিনের মধ্যে একটি বিবৃতি দেওয়া হবে এবং ট্রান্সফার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে।”
জুলাইয়ে স্পেন বিশ্বকাপ জেতার পর থেকেই রদ্রির সঙ্গে রিয়াল মাদ্রিদের নাম জড়িয়েছিল। তবে ২০১৯ সালে এ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া এই তারকাকে দলে নিতে বার্সেলোনা জোর চেষ্টা চালায়। সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
২০২৪ সালে ব্যালন ডি’অর জয়ী রদ্রি গত দুই মৌসুমে চোটের কারণে বেশ ভুগেছেন। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকবেন। এ কারণেই রদ্রিকে দলে নেওয়ার উদ্যোগ আরও জোরদার করে কাতালান ক্লাবটি।
স্পেনের অধিনায়ক রদ্রি ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। তার সময়ে সিটি ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ এবং চারটি প্রিমিয়ার লিগসহ মোট ১২টি বড় শিরোপা জিতেছে।
রদ্রিকে দলে নিতে বার্সেলোনার দুটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত দুই ক্লাব সমঝোতায় পৌঁছায়। ফলে চলতি গ্রীষ্মে রদ্রি যোগ দিচ্ছেন ক্যাম্প ন্যুতে আসা অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি ও জেসি বিসিউয়ের সঙ্গে।
এদিকে আগামী কয়েক দিনের মধ্যে জোয়াও কানসেলোকেও স্থায়ীভাবে দলে নেওয়ার চুক্তি সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে বার্সেলোনার। গত মৌসুমে আল-হিলাল থেকে তাকে ধারে নিয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।