বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ১৫:২৫

টটেনহ্যাম ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন রোমেরো

ঢাকা, ১৫ আগস্ট ২০২৬ (বাসস) : ক্রিস্টিয়ান রোমেরো টটেনহ্যাম ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ৪ কোটি ইউরোর চুক্তিতে তিনি অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন।

আর্জেন্টিনার এই আন্তর্জাতিক তারকা উত্তর লন্ডনে পাঁচ বছরের সময়ে বেশ বিতর্কিত ছিলেন। টটেনহ্যামের হয়ে ১৫৬টি ম্যাচ খেলার পথে বেশ কয়েকবার নিষেধাজ্ঞার মুখেও পড়েছেন তিনি। ক্লাবটির অধিনায়কও ছিলেন রোমেরো।

তবে ২০২৫ সালের ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টটেনহ্যামের জয়ের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। ওই জয়েই বড় কোনো ট্রফির জন্য টটেনহ্যামের ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটে।

ইনস্টাগ্রামে রোমেরো বলেন, “আজ আমি এমন একটি জায়গাকে বিদায় জানাচ্ছি, যা পাঁচ মৌসুম ধরে একটি ক্লাবের চেয়েও অনেক বেশি কিছু ছিল।”

২৮ বছর বয়সী এই ডিফেন্ডার আরও বলেন, “এটা ছিল আমার বাড়ি, আমার চ্যালেঞ্জ এবং এমন একটি জায়গা, যেখানে আমি ও আমার পরিবার আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় গড়ে তুলেছি।
“ অসংখ্য স্মৃতি এবং আমরা একসঙ্গে যা করেছি ও অর্জন করেছি, তার জন্য অপরিসীম গর্ব নিয়ে বিদায় নিচ্ছি।
“যখন আমি এখানে এসেছিলাম, তখন আমার একটি স্পষ্ট স্বপ্ন ছিল, এই ক্লাবের ইতিহাসে নিজের নামটি রেখে যাওয়া। আমি জানতাম, কঠোর পরিশ্রম, ত্যাগ এবং দীর্ঘদিন ধরে যে বিষয়টি অত্যন্ত কঠিন বলে মনে হয়েছিল, সেটি অর্জনের মাধ্যমেই একমাত্র তা সম্ভব আবার একটি ট্রফি জেতা। আর আমরা সেটা পেরেছি।

“আমাদের পথচলা নিখুঁত ছিল না, কিন্তু আমি চাই না সেটিই আমার বিদায়ের পরিচয় হয়ে থাকুক। আমি বরং আনন্দের মুহূর্তগুলো, অর্জিত শিক্ষা, যারা আমার পাশে ছিলেন এবং সর্বোপরি এই পাঁচ বছরে আমি যে ভালোবাসা পেয়েছি সেগুলোই মনে রাখতে চাই।”