বাসস
  ১৪ আগস্ট ২০২৬, ১৯:৩৬

মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

ঢাকা, ১৪ আগস্ট ২০২৬ (বাসস) : শেখ পারভেজ জীবনের দুর্দান্ত বোলিং এবং আহরার আমিন ও দেবাশিষ সরকারের জোড়া হাফ-সেঞ্চুরিতে এক ম্যাচ হাতে রেখেই সফরকারী মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ৩ উইকেটে হারিয়েছে মালয়েশিয়াকে। সিরিজের প্রথম ম্যাচ ১৫৩ রানের বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। 

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে ব্যাট করতে নেমে আসলাম খান মালিকের সেঞ্চুরির পরও ৩৮ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া।

উদ্বোধনী জুটিতে মালয়েশিয়াকে ৮৯ রান এনে দেন আসলাম ও সাইফ উল্লাহ মালিক। ব্যক্তিগত ২৫ রান করা সাইফকে বোল্ড করে জুটি ভাঙেন বাংলাদেশের পারভেজ। 

নবম ব্যাটার হিসেবে আউট হবার আগে ১০ চার ও ৪ ছক্কায় ১০৭ বলে ১০০ রান করেন আসলাম। পারভেজের পঞ্চম শিকার হন তিনি। এছাড়া মালয়েশিয়ার হয়ে সাইফ ২৫ ও আজাব ১৭ রান করেন। 

বাংলাদেশের পারভেজ ৮ ওভারে ২৩ রানে ৫ উইকেট নেন। সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন পারভেজ। 

জবাব দিতে নেমে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় বাংলাদেশ। এরপর ষষ্ঠ উইকেটে ৯২ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান আহরার ও দেবাশিষ। ব্যাট হাতে দুজনই হাফ-সেঞ্চুরি করেন। 

৪১ বলে ৫ চার ও ৪ ছক্কায় দেবাশিষ ৫৮ রানে আউট হলেও, দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আহরার। ৩১ দশমিক ৫ ওভারে জয়ের বন্দরে পা রাখে বাংলাদেশ। ৭৬ বলে অপরাজিত ৫৭ রান করেন আহরার। 

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও সেরা খেলোয়াড় হয়েছেন পারভেজ।