বাসস
  ১৪ আগস্ট ২০২৬, ১৫:৪২

শ্রীলংকার বিপক্ষে টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশন ভারতের

ঢাকা, ১৪ আগস্ট ২০২৬ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশন নিয়ে আগামীকাল থেকে দুই ম্যাচের টেস্ট খেলতে নামছে সফরকারী ভারত। সর্বশেষ ২০০৮ সালে লংকানদের কাছে টেস্ট সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া। এবার ঘরের মাঠের সুবিধা নিয়ে ভারতের বিপক্ষে ১৮ বছর ধরে টেস্ট সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চায় শ্রীলংকা।

গল-এ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় সিরিজের প্রথম খেলতে নামবে ভারত ও শ্রীলংকা।

২০০৮ সালে শ্রীলংকা সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল ভারত। এরপর ছয়বার টেস্ট সিরিজে মুখোমুখি হয় দুই দল। এরমধ্যে পাঁচবার সিরিজ জয়ের সাথে এক সিরিজ ড্র করে ভারত। লঙ্কানদের বিপক্ষে টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশন টিম ইন্ডিয়ার।

তবে দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহকে ছাড়াই শ্রীলংকার মুখোমুখি হবে ভারত। ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে খেলা হচ্ছে না বুমরাহর। তবে বুমরাহকে ছাড়াই শ্রীলংকার স্পিন স্বর্গে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী ভারতের বোলিং কোচ মরনে মর্কেল। তিনি বলেন, ‘শ্রীলংকায় সবচেয়ে বড় সমস্যা হল গরম-আর্দ্রতা। এজন্য ২৫-৩০ ওভারের পরই কোকাবুরা বল নরম হয়ে যায়। এ ধরনের পরিবেশে পেসাররা ছোট ছোট স্পেলে কার্যকরী ভূমিকা রাখতে পারে। দলে পেসার যারা আছে, তাদের ভালো বল করার সামর্থ্য আছে। আশা করি, স্পিনার ও পেসাররা মিলে দলের জন্য সাফল্য বয়ে আনতে পারবে।’

বুমরাহকে ছাড়া ভারত চাপে থাকবে বলে মনে করেন শ্রীলংকার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। তিনি বলেন, ‘বুমরাহর না থাকা ভারতের জন্য বড় ধাক্কা। আমরা বুমরাহর বিপক্ষে খেলতে আলাদা প্রস্তুতি নিয়েছিলাম। তিনি যেকোনো সময় ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। বুমরাহ না থাকায় ভারত চাপে থাকবে। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।’

গেল দুই বছর ঘরের মাঠে স্পিন উইকেটে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরেছে ভারত। ঐ স্মৃতি মনে করিয়ে ভারতকে স্পিন দিয়ে ঘায়েল করার পরিকল্পনা ডি সিলভার। তিনি বলেন, ‘সাধারণত শ্রীলংকায় স্পিন সহায়ক উইকেট হয়ে থাকে। ঘরের মাঠে স্পিন উইকেটে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরেছে ভারত। গলে খেলতে নামার আগে ঘূর্ণি উইকেট নিয়ে চিন্তায় থাকবে ভারত। এই সুযোগে ভারতকে চেপে ধরতে হবে। আমরা যদি চতুর্থ বা পঞ্চম দিনে টেস্ট নিয়ে যেতে পারি, তা হলে আমাদের জয়ের সম্ভাবনা থাকবে। আমাদের মাঠে আমরাই এগিয়ে থেকে খেলতে নামবো।’

পরিসংখ্যান অনুযায়ী টেস্টে শ্রীলংকার বিপক্ষে এগিয়ে ভারত। ৪৬ টেস্টে লংকানদের মুখোমুখি হয়ে ২২ জয় ও ৭টিতে হেরেছে টিম ইন্ডিয়া। ১৭ ম্যাচ ড্র হয়।

এবারের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অন্তর্ভুক্ত। চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত পঞ্চম স্থানে (৪৮.১৫ শতাংশ পয়েন্ট) এবং শ্রীলংকা ষষ্ঠ স্থানে (৪১.৬৭ শতাংশ পয়েন্ট) আছে।

শ্রীলংকা দল : ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), লাহিরু উদানা, নিশান মাদুষ্কা, কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, পাসিন্দু সূর্যবান্দারা, সোনাল দিনুশা, নিরোশান ডিকভেলা, রমেস মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, কেশারা নুয়ান্থা, মিলান রত্নানায়েকে, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশানাকা।

ভারত দল : শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, সরফরাজ আহমেদ, দেবদূত পাডিক্কাল, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, আকিব নবি, কুলদীপ যাদব, মানব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, সারানশ জৈন।