বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ১৮:০৬

ম্যানচেস্টার সিটির সাথে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছেন ডোকু 

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির সাথে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছেন উইঙ্গার জেরেমি ডোকু । ২০২৩ সালে ফরাসি ক্লাব রেঁনে থেকে সিটিতে যোগ দেওয়ার পর ডোকু প্রিমিয়ার লিগের অন্যতম প্রতিভাবান ফরোয়ার্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

২৪ বছর বয়সী এই খেলোয়াড় সিটির হয়ে ১৩১ ম্যাচে ২২ গোল ছাড়াও ৩৪টি গোলে এ্যাসিস্ট করেছেন। এ সময়ে ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপ শিরোপা জিতেছেন। বেলজিয়াম জাতীয় দলের হয়ে ৪৮টি ম্যাচ খেলেছেন ডোকু। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপেও দেশের হয়ে খেলেছেন তিনি।

২০৩১ সাল পর্যন্ত ডোকুকে ম্যানচেস্টার সিটিতে ধরে রাখা নতুন কোচ এনজো মারেসকার জন্য বড় স্বস্তির খবর। ২১ আগস্ট শুরু হতে যাওয়া নতুন প্রিমিয়ার লিগ মৌসুমের আগে এটি সিটির জন্য গুরুত্বপূর্ণ শক্তি যোগ করবে।

ইত্তিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওলার স্থলাভিষিক্ত হয়েছেন মারেসকা। আর ইতালিয়ান কোচের খেলার ধরনই সিটিতে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ডোকু।

ডোকু বলেন, “এখন পর্যন্ত সিটিতে আমার সময়টা দারুণ উপভোগ করেছি। তাই আরও দীর্ঘ সময় এখানে থাকার সুযোগ পাওয়া অসাধারণ অনুভূতি।”

“এই ক্লাব আমার কাছে অনেক কিছু। খেলোয়াড় এবং ব্যক্তি- দুই হিসেবেই আমি এখানে উন্নতি করেছি। এখানে আমি নিজেকে মানিয়ে নিয়েছি এবং জানি, ক্লাবের স্টাফদের পরিশ্রমের কারণে প্রতিদিনই আমার উন্নতি হচ্ছে।”

“এনজো এখন এখানে থাকায় নতুন মৌসুম নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। তার ফুটবলের ধরন আমাদেও কাছে খুবই পছন্দের। তাই খেলোয়াড়দের জন্য বিষয়টি দারুণ উত্তেজনাপূর্ণ।”

সিটির ফুটবল পরিচালক হুগো ভিয়ানা বলেন, “জেরেমি অসাধারণ প্রতিভার অধিকারী। ২০২৩ সালে আমাদের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে তার উন্নতি সবার চোখেই স্পষ্ট।”

“তার মধ্যে বিশেষ এক ধরনের গতিশীলতা রয়েছে। একজন উইঙ্গারের ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলো খুঁজি, তার সবই তার মধ্যে আছে। সে সত্যিই আমাদের দলে বিশেষ গুণ যোগ করেছে। এই নতুন চুক্তি তার প্রাপ্য। আমি নিশ্চিত আগামী কয়েক বছরেও সে নিজের উন্নতি অব্যাহত রাখবে।”