বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ১৭:৩৯

অ্যাস্টন ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা ধরে রাখল পিএসজি

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে ইউরোপের সেরা দল হিসেবে নিজেদের অবস্থান আরও একবার প্রতিষ্ঠিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)।

সালজবুর্গে পিএসজির হয়ে গোল করেন খভিচা কাভারাতস্কেলিয়া ও ডিজায়ার ডুয়ে। তাদের দুই গোলের মাঝে অ্যাস্টন ভিলার টিনএজার ব্রায়ান মাদজো অভিষেক ম্যাচেই গোল করেন। এক বছর আগে আরেক ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে টাইব্রেকারে জিতে প্রথমবারের মতো যে শিরোপা জিতেছিল পিএসজি, এবার সেটিই ধরে রাখল তারা।

ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী এবং দ্বিতীয় স্তরের ইউরোপা লিগের চ্যাম্পিয়নের মধ্যকার এই সুপার কাপ ম্যাচটি পরিচালনা করেন সোমালিয়ার রেফারি ওমর আরতান।

৩৪ বছর বয়সী এই রেফারি গত জুনে বিশ্বকাপের আগে সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন। বিশ্বকাপের জন্য ফিফার নির্বাচিত রেফারিদের প্যানেলে থাকা সত্ত্বেও মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ডুয়ে টিএনটি স্পোর্টসকে বলেন, “এটা অসাধারণ। এই ট্রফি জেতা সত্যিই অসাধারণ।”

“এটা খুব কঠিন, কারণ এর আগে আপনাকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হয়। আমরা আবারও সেটা করেছি এবং দ্বিতীয়বারের মতো সুপার কাপ জিতেছি। আমাদের জন্য এটা অসাধারণ।”

ঘরোয়া মৌসুম শুরুর আগে দুই দলই তুলনামূলক শক্তিশালী একাদশ মাঠে নামায়।

পিএসজির শুরুর একাদশে মে মাসে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জেতা দলের নয়জন খেলোয়াড় ছিলেন। তাদের মধ্যে ছিলেন ভিটিনিয়া, হুয়াও নেভেস ও অধিনায়ক মারকুইনহোস।

রোববার পিএসজিতে যোগ দেওয়া ফরাসি লেফট-ব্যাক লুকাস দিনিয়ে তার পুরোনো ক্লাবের বিপক্ষে ম্যাচে বেঞ্চে ছিলেন।

ভিলা বিশ্বকাপে খেলা এজরি কনসা, এমি মার্তিনেজ ও ওলি ওয়াটকিন্সকে বিশ্রাম দেয়। তবে কোচ উনাই এমেরি মিডফিল্ডার হুয়াও গোমেস ও স্ট্রাইকার মাদজোকে অভিষেকের সুযোগ কওে দেন।

জানুয়ারিতে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর প্রথমবারের মতো একাদশে ছিলেন মিডফিল্ডার বুবাকার কামারা।

২০ মিনিটে কাভারাতস্কেলিয়া বাঁ দিক থেকে ভেতরে ঢুকে পোস্টেও কাছ থেকে জোরালো শটে পিএসজিকে এগিয়ে দেন। এর কয়েক মিনিট পরই জর্জিয়ান ফরোয়ার্ড ভিলা রক্ষণকে আরও চাপে ফেলেন। তিনি লেফট-ব্যাক নুনো মেন্ডেসকে বল বাড়িয়ে দেন। মেন্ডেসের শট অল্পের জন্য পোস্টে বাইওে দিয়ে চলে যায়।

আধঘণ্টা পূর্ণ হওয়ার ঠিক আগে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ভিলা। কিন্তু জন ম্যাকগিনের ক্রসে মাথা ছোঁয়ানো মাদজোর হেড অল্পের জন্য বাইরে চলে যায়।

১৭ বছর বয়সী মাদজো এরপর আরও দুটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। মনে হচ্ছিল, বিরতিতে পিছিয়ে থেকেই মাঠ ছাড়বে এমেরির দল।

তবে ৪৫ মিনিটে নিজের প্রাপ্য গোলটি পেয়ে যান মাদজো। স্কটিশ অভিজ্ঞ খেলোয়াড় ম্যাকগিন আবারও বক্সের মধ্যে তাকে খুঁজে নেন। এবার বাঁ পায়ের জোরালো শটে বল পিএসজির জালে পাঠান তিনি।

ম্যাচের মোড় ঘুরে যাওয়ার পর বিরতিতে নতুন পিএসজি খেলোয়াড় ম্যাগনেস আকলুশের বদলে ব্যালন ডি'অরজয়ী ওসমানে ডেম্বেলেকে মাঠে নামান এনরিকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ভিলা আক্রমণের গতি ধরে রাখে। মাদজো ও ম্যাকগিন আবারও ভালো বোঝাপড়ায় এগিয়ে যান। এবার ৩১ বছর বয়সী ম্যাকগিনের বাঁকানো শট ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক মাতভেই সাফোনভ।

৬১ মিনিটে ডান দিক দিয়ে ছুটে গিয়ে ভিলার জালে বল পাঠান ফ্রান্সের ডুয়ে। তবে সহকারী রেফারির পতাকায় প্রথমে গোলটি বাতিল হয়।

কিন্তু ভিএআর রিভিউতে দেখা যায়, মাঠের দূর প্রান্তে থাকা ভিলার রাইট-ব্যাক ম্যাটি ক্যাশ পিএসজির 
উইঙ্গারকে অনসাইডে রেখেছিলেন। ফলে গোলটি বৈধ ঘোষণা করা হয়। 

ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে বিশ্বকাপজয়ী ফাবিয়ান রুইজকে মাঠে নামান এনরিকে। ভিলা সমতা ফেরানোর চেষ্টা করায় মাঝমাঠ শক্ত করতে এই পরিবর্তন করেন তিনি।

শেষ ১০ মিনিটে ভিলার সেরা সুযোগটি আসে। ছয় গজ বক্সের ভেতরে অ্যালিসনের কাট-ব্যাকে পা ছোঁয়াতে অল্পের জন্য ব্যর্থ হন টামি আব্রাহাম।

ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া বলেন, “ভালো লাগছে না। তবে আমরা যে ম্যাচ খেলেছি, তা নিয়ে গর্বিত হতে পারি। আমরা ভালো প্রতিদ্বন্দ্বীতা করেছি। ওরা শীর্ষ মানের খেলোয়াড়। তারা সুযোগ পায়, গোল করে এবং ম্যাচ জিতে নেয়।”

কাতারের মালিকানাধীন লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি শেষ পর্যন্ত জয় ধরে রেখে নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে। তাদের লক্ষ্য এবার টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা।

পিএসজি কোচ লুইস এনরিকে ক্যানাল প্লাসকে বলেন, “টানা প্রতিযোগিতা জেতা খুব কঠিন। তাই আপনাকে এর সর্বোচ্চটা নিতে হবে, উচ্চাকাঙ্খী ও পেশাদার থাকতে হবে এবং আবারও জয়ের চেষ্টা করতে হবে। এটাই আমাদের লক্ষ্য।”