বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ০৯:৫৯

প্রথম সেশনে অস্ট্রেলিয়ার ৪ উইকেট শিকার বাংলাদেশের

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম সেশন নিজেদের করে রাখল সফরকারী বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার ৪ উইকেট শিকার করেছে টাইগার বোলাররা। ফলে ২২ ওভারে ৪ উইকেটে ৭৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে অস্ট্রেলিয়া।

ডারউইনের মারার স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রলিয়া। উদ্বোধনী জুটিতে ৭১ বলে ৪৫ রানের সূচনা করেন দুই অসি ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ড।

১২তম ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙ্গেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। ৪ চারে ২৩ রান করে হাসানের শিকার হন ওয়েদারাল্ড।

এক ওভার পর অস্ট্রেলিয়ার আরেক ওপেনার হেডকেও শিকার করেন হাসান। ৩ বাউন্ডারিতে ২২ রান করা হেডকে বোল্ড করেন হাসান। ৫২ রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া।

কিছুক্ষণ পর বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দেন পেসার এবাদত হোসেন। তিন নম্বরে নামা মার্নাস লাবুশেনকে ১ রানে বিদায় করেন এবাদত।

প্রথম সেশনের শেষ বলে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ব্যক্তিগত ১৩ রানে ক্যামেরুন গ্রিনকে আউট করেন পেসার তাসকিন আহমেদ। এসময় অন্য প্রান্তে ৭ রানে অপরাজিত ছিলেন স্টিভেন স্মিথ।

প্রথম সেশনে বাংলাদেশের হয়ে হাসান ২টি, তাসকিন ও এবাদত ১টি করে উইকেট নেন।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলেছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়া একাদশ : প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।