বাসস
  ১২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জের আগে লিটনের ফিটনেস নিয়ে স্বস্তিতে বাংলাদেশ

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে উইকেটরক্ষক লিটন দাসকে নিয়ে স্বস্তির খবর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, লিটন শতভাগ ফিট। একই সঙ্গে সফরকারীরা দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার লিটন বাঁ পায়ের পেশিতে চোট পাওয়ায় জুন থেকে মাঠের বাইরে ছিলেন এবং দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে তাকে শুরুতে পাওয়া যাবে না বলেই জানানো হয়েছিল।

তবে শেষ মুহূর্তে দলে যোগ করা হয়েছে তাকে। বৃহস্পতিবার ডারউইনে প্রথম টেস্টে মাঠে নামার কথা তার। প্রস্তুতি ম্যাচে এক ইনিংস ও ৩৮ রানে হেরে যাওয়া বাংলাদেশের জন্য লিটনের ফেরাটা বড় স্বস্তির খবর।
প্রথম টেস্টেও আগে শান্ত সাংবাদিকদের বলেন, “লিটন আমাদের ব্যাটিংয়ে গভীরতা এনে দেয়। সে ধারাবাহিক। টেস্ট ম্যাচে আমাদের ব্যাটিং ইউনিট ভালো করবে বলে আমরা আশাবাদী।”

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সফর করছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফর করেছিল তারা।
বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দলের বিপক্ষে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। তার ওপর চোট কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও ন্যাথান লিওর মতো অভিজ্ঞ বোলাররা।
লিটনের দলে থাকার বিষয়টি নিশ্চিত করলেও একাদশের বাকি সদস্যদের বিষয়ে কিছু জানাননি শান্ত। উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তবে বাংলাদেশের একাদশে দুই মূল স্পিনার- মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দুজনেরই থাকার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক।

কান্ত বলেন, “উইকেট ভালো মনে হচ্ছে। আমার মনে হয়, আমরা হয়তো স্বাভাবিক কম্বিনেশনেই যাব, দুই স্পিনার ও তিন পেসার।”

“তবে কন্ডিশন বিবেচনায় আগামীকাল আবার উইকেট দেখার সুযোগ পাব। এরপর কন্ডিশন অনুযায়ী সিদ্ধান্ত নেব।”
চোটের কারণে বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম দলে নেই। তাদের অনুপস্থিতিতে আক্রমণের নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ।

তাকে সহায়তা করবেন এবাদত হোসেন, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও মুশফিক হাসানের মধ্যে অন্তত দুজন।

তাসকিন বলেন, “আমরা তাদের, বিশেষ করে রানাকে খুব মিস করব। বর্তমানে বিশ্ব ক্রিকেটে সে বড় হুমকি।”
“তবে আমি এবং দলের অন্য কয়েকজন বোলারের কিছুটা অভিজ্ঞতা আছে। তাই দেখা যাক আমরা কেমন করি। অস্ট্রেলিয়ায় খেলাটা বোলারদের জন্য দারুণ সুযোগ। রানা ও শরিফুল এখানে থাকলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতো। তারপরও আমরা ভালো করার আশা করছি।”