বাসস
  ১১ আগস্ট ২০২৬, ২০:১৬

নামিবিয়া সফরে নতুন চেহারার দক্ষিণ আফ্রিকা দল

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস) : নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে নতুনদের নিয়ে নামিবিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।  

প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন বাঁ-হাতি স্পিনার বিয়ন ফোরটান। দেশের হয়ে এখন পর্যন্ত ১৬ ওয়ানডে ও ২৭ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। 

আসন্ন ব্যস্ত মৌসুমকে সামনে রেখে নামিবিয়া সফরের জন্য তেম্বা বাভুমা (টেস্ট ও ওয়ানডে অধিনায়ক) ও আইডেন মার্করামসহ (টি-টোয়েন্টি অধিনায়ক) কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন, কর্বিন বশ, কেশব মহারাজসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জানসেনের যমজ ভাই বাঁ-হাতি পেসার ডুয়ান জানসেন। 

আরও ডাক পেয়েছেন কর্বিন বশের ভাই ইথান বশও। দেশের হয়ে একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে ইথানের। এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলেও সুযোগ পেলেন এই পেসার। 

নামিবিয়া সফরের দলে জায়গা পেয়েছেন দুই ভাই জর্ডান হেরমান ও রুবিন হেরমান। ১টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে জর্ডান ও  রুবিনের।  

প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার কনর এস্তেহেইজেন ও পেসার এনকোবানি মোকোয়েনা।

নামিবিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। 

আগামী ২৮ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ত্রিদেশীয় সিরিজ। ৯ সেপ্টেম্বর থেকে নামিবিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

নামিবিয়া সফরের জন্য দক্ষিণ আফ্রিকা দল : বিয়ন ফোরটান (অধিনায়ক), ইথান বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কনর এস্তেহেইজেন, জর্ডান হেরমান, রুবিন হেরমান, ডুয়ান জানসেন, কিউনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রি প্রিটোরিয়াস, লুথো সিপামলা, জেসন স্মিথ, প্রেনেলান সুব্রায়েন।