বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১৯:৩০

বিশ্বকাপে যেতে না পারা সোমালিয়ার রেফারি সুপার কাপের দায়িত্বে

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে রেফারিংয়ের সুযোগ হারানো সোমালিয়ার রেফারি ওমর আরতান বুধবার পিএসজি ও অ্যাস্টন ভিলার মধ্যকার উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনা করবেন।

জুনে বিশ্বকাপ শুরুর আগে ৩৪ বছর বয়সী এই রেফারি অনিচ্ছাকৃতভাবে সংবাদমাধ্যমের আলোচনায় চলে আসেন। টুর্নামেন্টের জন্য ফিফার নির্বাচিত রেফারিদের প্যানেলে থাকার পরও মায়িিম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

উয়েফার ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরতান বলেন, “সময়টা খুব কঠিন ছিল। অনেক মানুষ আমার প্রতি সহানুভূতি দেখিয়েছেন। কারণ কেউ যখন বহু বছর ধরে কাজ করে কোনো কিছু করার জন্য প্রস্তুত থাকে, কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারে না, তখন পরিস্থিতিটা খুবই কঠিন হয়ে যায়।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে জানান, ওই রেফারি সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ফলে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হয়ে পড়েন।

রেফারি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। সোমালিয়ায় এ ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। দেশে ফেরার পর আরতানকে সেখানে নায়কের মতো স্বাগত জানানো হয়।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঐ সময় বলেছিলেন, “সোমালিয়ার এই রেফারির সঙ্গে যা ঘটেছে, তা দুঃখজনক।” তিনি আরও বলেন, “সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই।”

এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ঘোষণা করে, আরতান উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনা করবেন। এই ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজির মুখোমুখি হবে ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা।
উয়েফাকে আরতান বলেন, “আমি ভাগ্যবান ছিলাম, তবে এখানে আসতে আমি অনেক কঠোর পরিশ্রম করেছি এবং আমি সত্যিই গর্বিত। আপনারা যেমনটা ভাবতে পারেন, আমি কঠিন পরিস্থিতির মধ্যে বড় হয়েছি। কিন্তু সেটি আমাকে আমার স্বপ্ন অনুসরণ করা থেকে বিরত রাখতে পারেনি।”

২০২৪ সালে আফ্রিকান নেশন্স কাপে ম্যাচ পরিচালনা করা প্রথম সোমালিয়ান রেফারি আরতান এবার ইউরোপে নিজের প্রথম ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন।

তিনি আরও বলেন, “অভিজ্ঞতা অর্জন, স্মৃতি তৈরি এবং নতুন কিছু শেখা সবসময়ই দারুণ। যখন আমরা এই ফোনকলটি পেলাম, তখন আমার ও আমার পরিবারের জন্য সেটি ছিল সত্যিই, সত্যিই খুব আনন্দের মুহূর্ত।”
সুপার কাপের রেফারি হিসেবে আরতানকে নিয়োগের সিদ্ধান্তের পক্ষে উয়েফা বলেছে, এপ্রিলের শেষ দিকে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)-এর সঙ্গে তারা যে চুক্তি স্বাক্ষর করেছিল, সেখানে দুই কনফেডারেশনের মধ্যে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছে।

তবে এটি উয়েফার একটি রাজনৈতিক বার্তাও। ফিফার প্রতি উয়েফা নিয়মিতই সমালোচনামুখর। আর গত দুই সপ্তাহ ধরে ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় সংস্থাটির যে বিরোধ চলছে, তার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত আরও বেশি তাৎপর্যপূর্ণ। বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিত্যক্ত পরিকল্পনাকে ঘিরেই এই বিরোধের সূত্রপাত।

পরিকল্পনাটি ব্যর্থ হওয়ার পেছনে উয়েফার নেতৃত্বে গড়ে ওঠা বিদ্রোহই ছিল অন্যতম প্রধান কারণ। ইনফান্তিনোকে পদত্যাগে বাধ্য করার প্রচেষ্টায় উয়েফা এখনও ফিফার বিভিন্ন টুর্নামেন্ট এমনকি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে যাচ্ছে।