শিরোনাম

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস): এক মৌসুমের জন্য ধারে বার্সেলোনা থেকে লিভারপুলে পাড়ি জমিয়েছেন উরুগুয়ের সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউজো। স্প্যানিশ চ্যাম্পিয়ন ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
যদিও চুক্তির বিস্তারিত কিছু প্রকাশ করেনি বার্সা। কিন্তু স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ৫৫ মিলিয়ণ ইউরোতে আরাউজো লিভারপুলের সাথে চুক্তি সম্পন্ন করেছেন।
এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত রোনাল্ড আরাউজোর সাথে ধারের চুক্তিতে একমত হয়েছে এফসি বার্সেলোনা ও লিভারপুল এফসি। রোনাল্ডের জন্য শুভকামনা।’
২০২৫ সালে কাতালান জায়ান্টদের সাথে চুক্তি নবায়ন করেন আরাউজো। নবায়নকৃত চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকবেন আরাউজো। বার্সেলোনার রক্ষনভাগে তরুণ পাও কুবারসি নিজেকে দারুনভাবে প্রমান করায় কোচ হান্সি ফ্লিকের অধীনে ২৭ বছর বয়সী আরাউজো মূল দলে অনিয়মিত হয়ে পড়েন।
গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় আরাউজো মাত্র ৩৫টি ম্যাচ খেলেছেন। মানসিক অবসাদের কারনে তিনি বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন। জানুয়ারিতে তিনি আবারও মাঠে ফেরেন। কিন্তু এই সময়ের মধ্যে তাকে ছাড়িয়ে রক্ষনভাগে নিজেদের আসন পোক্ত করে নেন এরিক গার্সিয়া ও জেরার্ড মার্টিন।
বিশ্বকাপে উরুগুয়ে দলে থাকলেও একটি ম্যাচও খেলেননি আরাউজো। ভার্জিল ফন ডাইকের সাথে সেন্টার-ব্যাক পজিশনে লিভারপুলকে সহযোগিতা করার জন্য আরাউজো ইংল্যান্ডে এসেছেন। এই মুহূর্তে জো গোমেজ ও গিওভান্নি লিওনি ইনজুরিতে আছেন এবং ইব্রাহিমা কোনাটে দল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন।
আরাউজো বলেন, ‘‘এত ইতিহাসসমৃদ্ধ বিশাল একটি ক্লাবে এসে আমি খুবই রোমাঞ্চিত। আমি আমার সতীর্থদের সঙ্গে দেখা করতে এবং খেলা শুরু করতে মুখিয়ে আছি। আমি খুবই অনুপ্রাণিত এবং মাঠে নামার জন্য সত্যিই উদগ্রীব।
“ক্যারিয়ারের এই পর্যায়ে এটি আমার জন্য আদর্শ সিদ্ধান্ত ছিল। আমার মনে হয়, এই পদক্ষেপ নেওয়াটা আমার জন্য জরুরি ছিল।”