বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ১৮:১৯

প্রথমবারের মত এলপিএল শিরোপা জিতল গল

ঢাকা, ৯ আগস্ট ২০২৬ (বাসস) : প্রথমবারের মত লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) শিরোপা জিতল গল গ্যালান্টস। 

গতরাতে এলপিএলের ষষ্ঠ আসরে গল গ্যালান্টস ৫ উইকেটে হারিয়েছে জাফনা কিংসকে। 

এর আগে তিনবার এলপিএলের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি গল ফ্র্যাঞ্চাইজি। ২০২০, ২০২১ এবং ২০২৪ সালের ফাইনালে জাফনা ফ্র্যাঞ্চাইজির কাছে হেরেছিল গল। এলপিএলের ষষ্ঠ আসরে এসে জাফনা ফ্র্যাঞ্চাইজিকেই হারিয়ে ফাইনাল জিতল গল। 

এই প্রথম ফাইনালে হারলেও চার শিরোপা জিতে এখনও এলপিএলের সেরা দল জাফনা ফ্র্যাঞ্চাইজি।

ষষ্ঠ আসরের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বড় স্কোর দাঁড় করাতে পারেনি জাফনা। ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয় তারা। দলের হয়ে ওপেনার কামিল মিশারা ৩২ বলে ৪১, চামিন্দু বিক্রমাসিংহে ১৬ বলে ২৪ ও আভিষ্কা ফার্নান্দো ১৬ বলে ২০ রান করেন। 

এছাড়া জাফনার হয়ে খেলা দুই বাংলাদেশি ক্রিকেটার তাওহিদ হৃদয় ১০ বলে ১ চারে ১০ এবং সাকিব আল হাসান ১৩ বলে ৯ রান করেন। গলের চারিথা আসালঙ্কা ও ইশান মালিঙ্গা ৩টি করে উইকেট নেন।

জবাবে ২৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় গল। ওপেনার টমাস রর্জাস ২৭ বলে ৩৪, দিনুরা কালুপাহানা ১৯ বলে ৩১ রান করে গলের শিরোপা জয়ে অবদান রাখেন। 

গল-এর হয়ে ২টি করে উইকেট শিকার করেন ট্রাভিন ম্যাথু ও সাকিব। 

২০ রানে ৩ উইকেট নিয়ে ফাইনালের সেরা হন গল-এর আসালঙ্কা। পুরো আসর জুড়ে ৪১১ রান করে টুর্নামেন্ট সেরার স্বীকৃতি পান জাফনার মিশারা।