বাসস
  ০৮ আগস্ট ২০২৬, ১৭:০০

অনুশীলন শুরু করেছে রাজশাহী স্টারস এফসি

ঢাকা, ৮ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশের নারী ফুটবলে নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে রয়েছে রাজশাহী স্টারস এফসি। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে খেলতে যাচ্ছে দেশের নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। এশিয়ার ক্লাব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে রাজশাহী স্টারস এফসি।

মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের প্রিলিমিনারি স্টেজে অংশ নেওয়ার আগে শনিবার দেশের মাটিতে প্রথমবারের মতো অনুশীলনে নামে দলটি। সকাল থেকে বৃষ্টি থাকলেও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রায় দুই ঘণ্টার অনুশীলনে পূর্ণ প্রস্তুতির বার্তা দিয়েছে রাজশাহী।

দলে জাতীয় দলের একাধিক অভিজ্ঞ ও তারকা ফুটবলার থাকলেও ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও খেলোয়াড়দের শারীরিক ও কৌশলগত প্রস্তুতিতে সন্তুষ্ট তিনি। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের ক্লাব প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্যরে প্রমাণ দেওয়ার পাশাপাশি ইতিহাস গড়াই কোচের প্রধান লক্ষ্য।
নারী ফুটবল লিগের সর্বশেষ আসরে সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া জাতীয় দলের ডিফেন্ডার শিউলি আজিমও বড় মঞ্চে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন। আসন্ন টুর্নামেন্টে নারী ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্বকে স্মরণীয় করে রাখতে প্রত্যয়ী রাজশাহীর এই ডিফেন্ডার।

আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি স্টেজ। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স এফসির প্রতিপক্ষ ভারতের ইস্টবেঙ্গল, স্বাগতিক সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স এফসি।


প্রথমবারের মতো এশিয়ার ক্লাব ফুটবলের বড় মঞ্চে অংশ নিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি বাংলাদেশের নারী ফুটবলের জন্য নতুন ইতিহাস গড়তে চায় রাজশাহী স্টারস এফসি। দেশ ছাড়ার আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে কাজ করছে দলটি।