বাসস
  ০৭ আগস্ট ২০২৬, ১৯:৩১

উরুগুয়ের অন্তর্বর্তীকালীন কোচ ফোরলান

ঢাকা, ৭ আগস্ট, ২০২৬ (বাসস) : উরুগুয়ের জাতীয় ও অনূর্ধ্ব-২০ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী দিয়েগো ফোরলান। 

উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) বৃহস্পতিবার জানিয়েছে, অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফোরলানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে এইউএফ জানিয়েছে, ঘরে ফিরছেন ফোরলান। সিনিয়র জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব পালন করবেন তিনি। মার্সেলো বিয়েলসার স্থলাভিষিক্ত হলেন ৪৭ বছর বয়সি ফোরলান। 

২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ৫ গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেস বল জিতেছিলেন ফোরলান। জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচ খেলে ৩৬ গোল করেছেন তিনি। 

২০১৫ সালের মার্চে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ফোরলান। এরপর ২০১৮ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন তিনি। এর মধ্যে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে কাটানো সময়গুলো সবচেয়ে বেশি স্মরণীয় ফোরলানের।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত উরুগুয়ের ক্লাব পেনারোল ও আতেনাসের কোচের দায়িত্ব পালন করেন তিনি।