শিরোনাম

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডকে টপকে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের জশ বাটলার।
গতরাতে দা হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের বিপক্ষে ২০ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ৫১ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হন ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বাটলার।
৫২২ ম্যাচের ৪৯২ ইনিংসে ৯ সেঞ্চুরি ও ১০৬টি হাফ-সেঞ্চুরিতে ১৪,৮৩৩ রান করেছেন বাটলার। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া পোলার্ডকে টপকে যেতে ১৭১ ইনিংস কম লাগল বাটলারের।
৭৪৬ ম্যাচের ৬৬৩ ইনিংসে ২ শতক ও ৭০ অর্ধশতকে ১৪,৮০৩ রান আছে পোলার্ডের।
রানের তালিকায় তৃতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ২২ সেঞ্চুরি ও ৮৮ হাফ-সেঞ্চুরিতে ১৪,৫৬২ রান করেছেন ‘ইউনিভার্স বস’।
২০১৪ সালের মার্চ থেকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন গেইল। গত জুন মাসে স্বদেশি গেইলকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হন পোলার্ড। খুব বেশিদিন রেকর্ড ধরে রাখতে পারলেন না তিনি। বাটলারের কাছে সর্বোচ্চ রানের রেকর্ড হাতছাড়া হল পোলার্ডের।
৫২৮ ম্যাচের ৫২৩ ইনিংস ব্যাট করে ১৪,৪৪৯ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।
১৪,২৮৪ রান নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ওয়ার্নার। ৪৩৯ ম্যাচ খেলেছেন ওয়ার্নার।