শিরোনাম

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : লিভারপুলের সাবেক তারকা মোহাম্মদ সালাহ বুধবার ইস্তাম্বুলে পৌঁছেছেন। প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই তার এই সফর।
“সালাহ মোড : অন”, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্টের সঙ্গে ৩৪ বছর বয়সী মিশরীয় তারকার ব্যক্তিগত বিমানে বসে ট্রাবজোনস্পোরের নীল ও মেরুন রঙের হোম জার্সি পরা ছবি প্রকাশ করেছে ক্লাবটি।
তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলের ক্লাবটি মঙ্গলবার জানায়, লিভারপুলে নয় মৌসুম কাটিয়ে এবং ক্লাবটির হয়ে সমানসংখ্যক শিরোপা জেতার পর বিদায় নেওয়া সালাহর সঙ্গে তারা আলোচনা শুরু করেছে।
ইস্তাম্বুলে পৌঁছানোর পর শত শত উচ্ছ্বসিত সমর্থক সালাহকে স্বাগত জানান বলে এএফপি নিশ্চিত করেছে।
এ সময় ট্রাবজোনস্পোর সমর্থক আবদুল করিম ইয়ারভান এএফপিকে বলেন, “আমি সরাসরি রাতের শিফট শেষ করে এখানে এসেছি। আর এখন মোহাম্মদ সালাহর জন্য আরও একটি নির্ঘুম রাত কাটাতেও আমি প্রস্তুত।”
গতকাল ইস্তুম্বুলে সালাহর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরপর দিনের শেষ দিকে তিনি ট্রাবজোনে উড়ে যাবেন।
রাইট উইঙ্গার সালাহ দুই মৌসুমের চুক্তিতে সই করবেন, যেখানে তৃতীয় মৌসুম বাড়ানোর সুযোগও থাকবে। তুরস্কের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বছরে ১ কোটি ৭০ লাখ ইউরো (১ কোটি ৯৬ লাখ ডলার) আয় করবেন তিনি।
ট্রাবজোনে পৌঁছে সালাহ বলেন, “আমি সত্যিই খুব খুশি... এবং দলের সঙ্গে অনুশীলনের জন্য মুখিয়ে আছি। আমি যেখানেই যাই, সবসময় জিতি অথবা জেতার চেষ্টা করি। আশা করি লিগে এবং ইউরোপেও আমরা কিছু অর্জন করতে পারব।”
এ সময় ক্লাবটি এক্সে পোস্ট করে তাকে স্বাগত জানায়, “স্বাগতম, মিশরীয় রাজা।”
সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের হয়ে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন সালাহ, যা ক্লাবটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোল।
প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা ১৯৩। এর মধ্যে লিভারপুলের হয়ে করেছেন ১৯১টি। সর্বকালের তালিকায় ইংল্যান্ডের তিন তারকা অ্যালান শিয়েরার, হ্যারি কেন ও ওয়েইন রুনির পর তিনি রয়েছেন চতুর্থ স্থানে।
গত মৌসুমে লিভারপুল দলে সালাহ নিজের সেরা ছন্দে ছিলেন না। লিগে মাত্র সাতটি গোল করেন তিনি।
সর্বশেষ বিশ্বকাপে খেলেছেন সালাহ। তার নৈপুণ্যে মিশর ১৯৩৪ সালের পর প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠেছিল। তবে দুই গোলের লিড নষ্ট করে শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে হতাশাজনক হারে বিদায় নেয় তারা। পরে আর্জেন্টিনা ফাইনালে হেরে রানার্সআপ হয়।
ট্রাবজোনস্পোরের সুপার লিগের প্রতিদ্বন্দ্বী বেসিকটাসের সঙ্গেও সালাহর আলোচনার গুঞ্জন ছিল।
গত মৌসুমে তুরস্কের শীর্ষ লিগে তৃতীয় হয়েছিল ট্রাবজোনস্পোর। বেসিকটাসের চেয়ে নয় পয়েন্ট এগিয়ে থেকে তারা ইউরোপা লিগের প্লে-অফ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
মিশরের হয়ে ১১৯ আন্তর্জাতিক ম্যাচে ৬৬ গোল করেছেন সালাহ। আফ্রিকার ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় তিনি।