বাসস
  ০৬ আগস্ট ২০২৬, ১৭:১৯

মিরাজের লড়াকু সেঞ্চুরিতে প্রথম দিন ২৬৩ রানে অলআউট বাংলাদেশ

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনদিনের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিন ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তার লড়াকু সেঞ্চুরিতে আজ থেকে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৭৫.৫ ওভার ব্যাট করে ২৬৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিরাজ ১০৯ রানে অপরাজিত ছিলেন। 

জবাবে প্রথম দিন শেষে ১২ ওভারে ২ উইকেটে ৫১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ২১২ রানে পিছিয়ে স্বাগতিকরা। 

ডারউইনের মারার ওভালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় ওভারে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৮ বল খেলে শূন্য হাতে সাজঘরে ফিরেন ওপেনার তানজিদ হাসান। 

দ্বিতীয় উইকেটে ৩১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন সাদমান ইসলাম ও মোমিনুল হক। ৪টি চারে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হন সাদমান। উইকেটে সেট হয়ে ৩টি চারে ১৬ রানে বিদায় নেন মোমিনুল।
পাঁচ নম্বরে নেমে রানের খাতা খোলার আগেই থামেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এতে ৬১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

পঞ্চম উইকেটে ৪৪ রান যোগ করে বাংলাদেশের রান ১শ পার করেন শান্ত ও উইকেটরক্ষক অমিত হাসান। ৫ রানের ব্যবধানে বিদায় নেন শান্ত ও অমিত। ৭টি চারে শান্ত ৩৭ ও অমিত ১৬ রান করেন। 

১১০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে চাপমুক্ত করার চেষ্টা করেন মিরাজ ও সৌম্য সরকার। ৪৮ রানের জুটি গড়ে দলের রান দেড়শ পার করেন তারা। ২টি চারে ১৬ রানে থামেন আট নম্বরে নামা সৌম্য। 
দলীয় ১৫৮ রানে সৌম্যর বিদায়ের পর অষ্টম উইকেটে তাইজুল ইসলামকে নিয়ে ৩০ এবং নবম উইকেটে হাসান মাহমুদের সাথে ৬ রান যোগ করেন মিরাজ। তাইজুল ১০ ও হাসান ৪ রানে ফিরলে ১৯৪ রানে নবম উইকেট পতনে ২শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু সেটি হতে দেননি অন্যপ্রান্তে ৫৬ রানে অপরাজিত থাকা মিরাজ। 

শেষ ব্যাটার খালেদ আহমেদকে নিয়ে প্রতিপক্ষ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন মিরাজ। ৭৩তম ওভারের তৃতীয় ডেলিভারিতে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন ১২৮ বল খেলা মিরাজ। এসময় ১০টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। 

শেষ পর্যন্ত ৭৬তম ওভারের পঞ্চম বলে খালেদ আউট হলে ২৬৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১টি করে চার-ছক্কায় ১৫ রানে থামেন খালেদ। 

১১টি চার ও ৪টি ছক্কায় ১৪১ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন মিরাজ।
অফ-স্পিনার কোরি রকিচ্চলি ৮৩ রানে ৬ উইকেট নেন। 

দিনের শেষ ভাগে নিজেদের প্রথম ইনিংস শুরু করে ১ রানে ২ উইকেট হারায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। দ্বিতীয় ওভারে স্বাগতিক ওপেনার স্যাম কনস্টাসকে ১ রানে উইকেটরক্ষক অমিতের ক্যাচে পরিণত করেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। 

পরের ওভারে আরেক ওপেনার ক্যাম্পবেল কেলাওয়েকে শূন্য রানে বোল্ড করেন তাসকিন আহমেদ।
তৃতীয় উইকেটে ৫০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন অধিনায়ক কার্টিস প্যাটারসন ও জশ ফিলিপ। প্যাটারসন ২৬ ও ফিলিপ ২২ রানে অপরাজিত আছেন। 

হাসান ও তাসকিন ১টি করে উইকেট নেন।