শিরোনাম

ঢাকা, ২ আগস্ট ২০২৬ (বাসস) : স্প্যানিশ কোচ সান্তি দেনিয়াকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে চেক প্রজাতন্ত্র। দেশটির ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে তিনি এই পদে নিযুক্ত হলেন।
চেক ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) জানিয়েছে, ৫২ বছর বয়সী দেনিয়ার সঙ্গে দুই বছরের চুক্তি করা হয়েছে। চুক্তিটি আরও দুই বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
প্রাগে এক সংবাদ সম্মেলনে সিএফএ সভাপতি ডেভিড ত্রুনদা দেনিয়াকে পরিচয় করিয়ে দেন।
ত্রুনদা বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে এত সুনাম ও বিপুল অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ চেক জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।”
দেনিয়া বলেন, “এখানে আসতে পেরে আমি আনন্দিত এবং অত্যন্ত অনুপ্রাণিত। কারণ চেক জাতীয় দলের নেতৃত্ব দেওয়াকে আমি দারুণ একটি সুযোগ হিসেবে দেখছি। চেক ফুটবলের গৌরবময় ইতিহাস রয়েছে এবং সত্যি বলতে এখানে কাজ করার সুযোগ পাওয়াকে আমি অনেক বড় সম্মান হিসেবে বিবেচনা করছি।”
বিশ্বকাপে দলের দ্রুত বিদায়ের পর পদত্যাগ করা মিরোস্লাভ কুবেকের স্থলাভিষিক্ত হয়েছেন দেনিয়া।
বিশ্বকাপে দলের বাজে ফলাফলের দায় স্বীকার করেছিলেন কুবেক। সেখানে চেক প্রজাতন্ত্র গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর কাছে হারে এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ড্র করে। ফলে এক পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে চেকরা।
দেনিয়া ১৯৯৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত এ্যাথলেটিকো মাদ্রিদের সেন্টার-ব্যাক হিসেবে খেলেছেন। স্পেন জাতীয় দলের হয়ে তার ম্যাচ সংখ্যা দুইটি।
কোচ হিসেবে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে স্পেনকে সোনার পদক জেতান তিনি। এছাড়া স্পেনের অনূর্ধ্ব-১৭ দলকে ২০১৭ সালে এবং অনূর্ধ্ব-১৯ দলকে ২০১৯ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দেন।
সর্বশেষ কাতারের ক্লাব আল-শাহানিয়ার কোচের দায়িত্বে ছিলেন দেনিয়া।
নতুন দায়িত্বে তার প্রথম বড় চ্যালেঞ্জ হবে উয়েফা নেশন্স লিগের ‘এ’ লিগে শক্তিশালী প্রতিপক্ষদের মোকাবিলা করা। ২৬ সেপ্টেম্বর ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে চেক। একই গ্রুপে আরও রয়েছে ইংল্যান্ড ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন।