বাসস
  ০২ আগস্ট ২০২৬, ১৮:০০

শ্রীলংকা সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরাহ 

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : বাঁ-হাঁটুর ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। 

হাঁটুতে ইনজুরি থাকা সত্ত্বেও শ্রীলংকা সফরে টেস্ট সিরিজের দলে রাখা হয়েছিল বুমরাহকে। কিন্তু শ্রীলংকা সিরিজের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠার সম্ভাবনা না থাকায় টেস্ট দল থেকে বাদ পড়লেন তিনি। 

গেল মাসে ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ-হাঁটুতে চোট পান বুমরাহ। হাঁটু ফুলে যাওয়ায় লর্ডসে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। 

শ্রীলংকা সিরিজের আগে সুস্থ হয়ে যাবার সম্ভাবনা ছিল বুমরাহর। কিন্তু হাঁটুর উন্নতি না হওয়ায় বুমরাহকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

বিসিসিআই’র এক কর্মকর্তা বলেন, ‘অতীতে অনেক সময় তাড়াহুড়া করে ক্রিকেটারদের মাঠে ফেরানো হয়েছে। 
তারপর আবার চোট পেয়েছে। আমরা আর এমন ঝুঁকি নিতে চাই না। বিশেষ করে বুমরাহর মতো বোলারের ক্ষেত্রে ঝুঁকি নেওয়া ভুল। সামনে ব্যস্ত সূচি আছে। এশিয়ান গেমস, নিউজিল্যান্ড সফর, আগামী বছর বর্ডার-গাভাস্কার ট্রফি রয়েছে। আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করেই মাঠে ফেরাতে চাই। ’

শ্রীলংকা সিরিজে বুমরাহর বদলি খুব শিগগিরই জানাবে বিসিসিআই। 

গল-এ আগামী ১৫ আগস্ট থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত ও শ্রীলংকা। এরপর ২৩ আগস্ট থেকে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ। এখন পর্যন্ত ৯ ম্যাচে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে প্রথম দুই আসরের রানার্স-আপ ভারত। 

৪ ম্যাচ খেলা শ্রীলংকার সংগ্রহে আছে ৪১.৬৭ শতাংশ পয়েন্ট। টেবিলের ষষ্ঠ স্থানে আছে লংকানরা।