বাসস
  ০১ আগস্ট ২০২৬, ১৮:০৮

নেতৃত্ব ছাড়লেন এডওয়ার্ডস; নতুন অধিনায়ক ডি লিড

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : হঠাৎ করেই নেদারল্যান্ডসের অধিনায়কের দায়িত্ব ছাড়লেন স্কট এডওয়ার্ডস। নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক হয়েছেন বাস ডি লিডে।  

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে এডওয়ার্ডসের নেতৃত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসিবি)।  ভিডিওতে দেখা যায় সতীর্থদের কাছে নেতৃত্ব ছাড়ার কথা জানাচ্ছেন এডওয়ার্ডস। 

তিনি বলেন, ‘হঠাৎ করে সবার সামনে বিষয়টি আনার জন্য ক্ষমা চাচ্ছি। আমি এখন থেকে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’

এডওয়ার্ডস আরও বলেন, ‘কোচ রায়ান কুক এবং আমি বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে কথা বলছিলাম। এছাড়া আরও কয়েকজনের সাথেও এ নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয়েছে, এটাই সঠিক সময়। একজন খেলোয়াড় হিসেবে দলের জন্য আমার আরও অনেক কিছু দেওয়ার আছে। আমি বিশ্বাস করি, আমাদের দলটা দারুণ ও বিশেষ কিছু। সামনে যা আসছে, তা নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

নেদারল্যান্ডসের ইউট্রেখটে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২-এ নামিবিয়ার বিপক্ষে ম্যাচ শেষে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান এডওয়ার্ডস। ম্যাচে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। 

নেদারল্যান্ডসের ইতিহাসের অন্যতম সফলতম অধিনায়ক এডওয়ার্ডস। ২০২২ সালের জুনে ইংল্যান্ড সফর দিয়ে অধিনায়কের দায়িত্ব নেন তিনি। তার অধীনে ৫৬ ওয়ানডেতে ২৪টিতে জয়, ২৯টিতে হার, একটিতে ম্যাচ টাই এবং দুটি পরিত্যক্ত হয়। এছাড়া টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচে সমান ২৪টিতে জয় ও হার আছে এডওয়ার্ডসের। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। 

এডওয়াডর্স সরে যাওয়ায় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর বাকি ম্যাচগুলোতে নেদারল্যান্ডসকে নেতৃত্ব দেবেন ২৬ বছর বয়সী ডি লিডে। দেশের জার্সিতে ৬১ ওয়ানডে ও ৪৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। 
বিদায়ী অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডি লিডে বলেন, ‘বছরের পর বছর আমাদের লড়াইয় করার সুযোগ করে দিয়েছে এডওয়ার্ডস। তার নেতৃত্বে স্মরণীয় সাফল্যও ছিল নেদারল্যান্ডসের। আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য এডওয়ার্ডসকে ধন্যবাদ।’

ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২-এর পয়েন্ট তালিকায় ৩২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। এই আসরের শীর্ষ চারটি দল আগামী বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করবে।