শিরোনাম

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : নতুন চুক্তির বিষয়ে সমঝোতা না হলে ভিনিসিয়াস জুনিয়রকে ক্লাব ছাড়ার সুযোগ দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। ভিনির চুক্তি নবায়নের জন্য দেওয়া সর্বশেষ প্রস্তাবও আর বাড়ানোর পরিকল্পনা নেই ক্লাবটির। ইএসপিএনকে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিশ্বকাপ-পরবর্তী ছুটি শেষে সোমবার প্রাক-মৌসুম অনুশীলনে ভালদেবেবাসে ফেরার কথা ভিনিসিয়াসের। তবে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বর্তমান চুক্তির মেয়াদও আর মাত্র এক বছর বাকি রয়েছে।
ইএসপিএনকে সূত্র জানিয়েছে, রিয়াল কর্মকর্তাদের সঙ্গে ব্রাজিলের এই তারকার প্রতিনিধিদের বৈঠকের এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি। ক্লাবটির ধারণা, নতুন চুক্তিতে সই করবেন, নাকি অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবেন- সিদ্ধান্তটা ভিনিসিয়াসকেই নিতে হবে।
ভিনিসিয়াস ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলে নিজেদের অবস্থান শক্তিশালী হবে বলে মনে করছে আর্সেনাল, এমনটাই জানিয়েছে একটি সূত্র। তবে খেলোয়াড়টির ঘনিষ্ঠ আরেকটি সূত্র বলেছে, প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে ভিনিসিয়াসের কোনো যোগাযোগ হয়নি।
ইএসপিএন জানিয়েছে, উইঙ্গার ভিনিসিয়াসকে দলে নিতে আগ্রহী আর্সেনাল এবং তারা সম্ভাব্য চুক্তিটির সম্ভাব্যতা নিয়ে কাজ করছে।
নতুন চুক্তি নিয়ে রিয়াল ও ভিনিসিয়াসের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘদিন ধরেই অচলাবস্থা চলছে। গত মৌসুমে ইএসপিএন জানিয়েছিল, চুক্তি নবায়নের জন্য ভিনিসিয়াসের তাড়াহুড়ো নেই এবং বিশ্বকাপ শেষ হওয়ার আগে আলোচনায় কোনো অগ্রগতি হবে না।
২৬ বছর বয়সী ভিনিসিয়াস ২০১৮ সালে কিশোর বয়সে রিয়ালে যোগ দেন। এরপর বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি। রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের দুটি ফাইনালে গোল করেছেন এবং ২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কারে দ্বিতীয় হয়েছিলেন।
সাবেক কোচ জাবি আলোনসোর অধীনে গত মৌসুমে অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন ভিনিসিয়াস। বার্নাব্যুতে একটি এল ক্লাসিকো ম্যাচে তাকে বদলি করার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখিয়েছিলেন তিনি। এদিকে রিয়ালও টানা দুই মৌসুম ধরে কোনো বড় শিরোপা জিততে পারেনি।
গ্রীষ্মকালীন দলবদলের বাজারে সক্রিয় রয়েছে রিয়াল। চলতি সপ্তাহে ফরোয়ার্ড কার্লোস এস্পি ক্লাবটিতে যোগ দিয়েছেন। উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে দলে নেওয়ার চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি রয়েছে রিয়াল। পাশাপাশি ম্যানচেস্টার সিটির রদ্রিকে দলে ভেড়ানোর ব্যাপারেও তারা আশাবাদী।
প্রথম প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে শনিবার অস্ট্রিয়ায় ফিওরেন্তিনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এর আগে অনুশীলন মাঠে আলকোরকন ও লেগানেসের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে তারা। গ্রীষ্মকালীন নতুন সংযোজন ডেনজেল ডামফ্রিস ও এস্পি- দুজনকেই এই স্কোয়াডে রাখা হয়েছে।