শিরোনাম

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : লেভান্তে থেকে ২১ বছর বয়সি স্ট্রাইকার কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। পাঁচ বছরের চুক্তিতে ২০৩১ সাল পর্যন্ত রিয়ালে খেলবেন এস্পি।
এস্পিকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত এক বিবৃতিতে রিয়াল জানায়, ‘কার্লোস এস্পির দলবদলের জন্য সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ ও লেভান্তে। আগামী পাঁচ মৌসুম আমাদের ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন তিনি। ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত।’
তারা আরও জানায়, ‘২১ বছর বয়সে লেভান্তের হয়ে তিন মৌসুম খেলেছেন কার্লোস এস্পি। এসময় ৬৬ ম্যাচে ২০ গোল করেছেন তিনি।’
তবে রিয়ালের জার্সিতে দলে জায়গা পেতে হলে কিলিয়ান এমবাপ্পে ও এন্দ্রিকের সঙ্গে লড়তে হবে এস্পিকে। গত মৌসুমে লা-লিগায় ১১ গোল করে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় হিসেবে সেরার স্বীকৃতি পান এস্পি।
ইএসপিএন-এর খবর, আসন্ন মৌসুমের জন্য ফুলহ্যামে যোগ দেবেন গঞ্জালো গার্সিয়া। তার বিকল্প হিসেবেই এস্পিকে দলে নিয়েছে রিয়াল।
এবারের গ্রীষ্মে এই নিয়ে পাঁচজন খেলোয়াড়কে দলে নিয়েছে রিয়াল। এর আগে তিন ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া, ইব্রাহিমা কোনাতে ও ডেঞ্জিল ডামফ্রিস এবং মিডফিল্ডার বের্নার্দো সিলভাকে দলে নিয়েছে রিয়াল।