শিরোনাম

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অল-রাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্সকে শেষ বিদায় জানাল ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজের কেনসিংটন ওভালে সোবার্সের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
গত ১৭ জুলাই বার্বাডোজে নিজ বাসভবনে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোবার্স।
শেষকৃত্য অনুষ্ঠানে সোবার্সের প্রতি সম্মান জানাতে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ও সদ্য পাকিস্তানকে সিরিজের প্রথম টেস্টে হারানো ওয়েস্ট ইন্ডিজ দলের অনেক খেলোয়াড়।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বার্বাডোজের প্রেসিডেন্ট জেফরি বস্টিক, প্রধানমন্ত্রী মিয়া মোটলি এবং পপ তারকা রিহানাসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সোবার্সের কফিনটি বার্বাডোজের জাতীয় পতাকায় মোড়ানো ছিল। শোভাযাত্রার মাধ্যমে ব্রিজটাউনের সংসদ ভবন থেকে কেনসিংটন ওভাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। স্টেডিয়ামে পৌঁছানোর পর ক্রিকেট ব্যাট উঁচিয়ে গার্ড অব অনার দিয়ে সোবার্সকে সম্মান জানানো হয়।
সোবার্সকে নিয়ে স্যার ক্লাইভ লয়েড বলেন, ‘স্যার গারফিল্ড সোবার্স শুধুমাত্র তার প্রজন্মের ক্রিকেটারই ছিলেন না, এমন একজন মানুষ ছিলেন যিনি ক্যারিবীয় জনগণের হৃদয় ও মনে বাস করতেন। বিশ্ব জুড়ে অসংখ্য মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিলেন তিনি। আমার দেখা সর্বকালের সেরা অল-রাউন্ডার সোবার্স।’
ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অল-রাউন্ডার এবং সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে পরিচিত সোবার্স। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে দক্ষতার কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটারের তকমা পেয়েছেন তিনি।
১৯৫৩ সালে মাত্র ১৬ বছর বয়সে বার্বাডোজের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় সোবার্সের। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ব্যাটার হিসাবে এক ওভারে ছয়টি ছয় মারেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ১৯৫৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেন সোবার্স। ব্যাট হাতে ২৬ সেঞ্চুরি এবং ৩০ হাফ-সেঞ্চুরিতে ৫৭.৭৮ গড়ে ৮ হাজার ৩২ রান এবং বোলিংয়ে ৩৪.০৩ গড়ে ২৩৫ উইকেট শিকার করেন তিনি।
টেস্ট অভিষেকের পর ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান সোবার্স। কিংস্টনে প্রথম সেঞ্চুরির ইনিংসে ৩৬৫ রানে অপরাজিত থাকেন তিনি।
প্রথম শ্রেণিতে ৩৮৩ ম্যাচ খেলে ৫৪.৮৭ গড়ে ২৮ হাজার ৩১৪ রান করার পাশাপাশি ২৭.৭৪ গড়ে ১ হাজার ৪৩টি উইকেট শিকার করেন সোবার্স।
২০০৯ সালের জানুয়ারিতে আইসিসি হল অব ফেম চালু হলে হল অব ফেমে অর্ন্তুভুক্ত করা হয় সোবার্সের নাম।
আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের নামকরণ করা সোবার্সের নামেই। সেটি হল- ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি।’