শিরোনাম

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (বাসস) : আগামী ২০ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির ডারউইনে শুরু হবে ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’। এই টুর্নামেন্টে ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ ‘এ’ দল।
নেপালের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ডারউইনের টিআইও স্টেডিয়ামে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
এই প্রতিযোগিতায় তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এবারের আসরে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে তারা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে- নেপাল, নিউজিল্যান্ড ‘এ’, হোবার্ট হারিকেনস, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইক।
২৩ আগস্ট একই ভেন্যুতে দুপুর ১টা ৩০ মিনিটে হোবার্ট হারিকেনসের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৪ আগস্ট ক্রিকেট ভিক্টোরিয়ার এবং ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
একদিন বিরতির পর ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। ২৮ আগস্ট গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।
ছয় ম্যাচের গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে খেলার টিকিট পাবে।
৩০ আগস্ট পর্দা নামবে টুর্নামেন্টের। এদিন সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল গার্ডেনস গ্রাউন্ডে এবং দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল ডিএক্সসি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।