বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৭:০০
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৭:০৬

ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাব দিচ্ছে পাকিস্তান

ঢাকা, ২৭ জুলাই ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নিজেদের ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৯৯ রান করেছে পাকিস্তান। ৭ উইকেট হাতে নিয়ে ১১২ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। 

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ৩ উইকেটে ১৯৪ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কাভেম হজ ৮৩ ও শাই হোপ ৩৯ রানে অপরাজিত ছিলেন। 

দ্বিতীয় দিন আর মাত্র ১ রান যোগ করে ব্যক্তিগত ৮৪ রানে পাকিস্তান পেসার খুররাম শাহজাদের শিকার হন হজ। ১৮৩ বল খেলে ৯টি চার মারেন হজ। 

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে নাভার্স নাইন্টিতে আউট হন হোপ। পেসার মোহাম্মদ আলির বলে এলবিডব্লিউ হন তিনি। ১৮২ বলে ৯২ রানের ইনিংস খেলার পথে ৬টি চার ও ১টি ছক্কা মারেন হোপ। 

দলীয় ৩১১ রানে নবম ব্যাটার হিসেবে থামেন হোপ। এরপর ঐ স্কোরেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। লোয়ার অর্ডারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪টি চার ও ১ ছক্কায় ১৩ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন শামার জোসেফ।  
আলি ৪টি, আব্বাস ৩টি ও শাহজাদ ২টি উইকেট নেন। 

প্রথম ইনিংস শুরু করে তৃতীয় ওভারে উইকেট হারায় পাকিস্তান। ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি ওপেনার আজান আওয়াইস। ওয়েস্ট ইন্ডিজ পেসার কেমার রোচের বলে বোল্ড হন তিনি। 

দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের জুটি গড়ে পাকিস্তানকে ভালো অবস্থায় নেন আরেক ওপেনার ইমাম উল হক ও তিন নম্বরে নামা শান মাসুদ। এই জুটিতেই জোড়া হাফ-সেঞ্চুরির স্বাদ নেন দু’জনে। ৭ চারে ৬৩ রান করা ইমামকে শিকার করে জুটি ভাঙ্গেন পেসার শামার জোসেফ। 

ইমামের বিদায়ে ক্রিজে আসেন অধিনায়ক বাবর আজম। ৩ চারে ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিলেন তিনি। কিন্তু দিনের শেষভাগে পেসার জেইডেন সিলেসের শিকার হয়ে ২৩ রানে থামেন বাবর। 

বাবর ফেরার ২ ওভার পর দিনের খেলার ইতি ঘটে। ৩ উইকেটে ১৯৯ রানে দিন শেষ করে পাকিস্তান। মাসুদ ১১টি চারে ৮৮ এবং সালমান আঘা শূন্য হাতে অপরাজিত আছেন। 
রোচ-সিলেস ও জোসেফ ১টি করে উইকেট নেন।