বাসস
  ২৬ জুলাই ২০২৬, ২০:৫৫

আগামীকাল দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল

ফাইল ছবি

ঢাকা, ২৬ জুলাই ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশ্যে আগামীকাল দেশ ছাড়ছে বাংলাদেশ ইমার্জিং দল। এই সফরে একটি ত্রিদেশীয় সিরিজ এবং দু’টি চারদিনের ম্যাচ খেলবে তারা। 

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ইমার্জিং দলের সাথে আরও অংশ নেবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল এবং ইউএসএসএ দল।

৩০ জুলাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএ। প্রিটোরিয়ায় ১ আগস্ট দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। ১২ আগস্ট প্রিটোরিয়ার টুকস ওভালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ত্রিদেশীয় সিরিজের পর দু’টি চারদিনের ম্যাচে লড়বে বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। 

প্রথম চার দিনের ম্যাচটি ১৬ থেকে ১৯ আগস্ট পচেফস্ট্রুমের জেবি মার্কস ওভালে অনুষ্ঠিত হবে। ২৩ থেকে ২৬ আগস্ট বেনোনির উইলোমুর পার্কে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ খেলতে নামবে দু’দল। 

ইতোমধ্যে নিজেদের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করে ইমার্জিং দলে জায়গা করে নিয়েছেন বেশ কিছু খেলোয়াড়। যারা ভবিষ্যতে জাতীয় দলে ডাক পাওয়ার দাবি রাখে।

ইতোমধ্যে জাতীয় দলের হয়ে খেলেছেন জাকির হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন। তবে ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন তারা। আসন্ন এই সফর দিয়ে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে আবারও জাতীয় দলে ফেরার লক্ষ্য থাকবে তাদের। 

বাংলাদেশ ইমার্জিং দল : জাকির হাসান, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন, সামিউন বশির রাতুল, মইন খান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, আনামুল হক, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, ইকবাল হাসান ইমন, চৌধুরী মো. রিজওয়ান, আবু হাশিম, হাবিবুর রহমান ও আমিনুল ইসলাম বিপ্লব।