বাসস
  ২৬ জুলাই ২০২৬, ১৮:২৮

শীর্ষস্থান পুনরুদ্ধার করল ভারত

ঢাকা, ২৬ জুলাই ২০২৬ (বাসস) : চলমান জিম্বাবুয়ে সফরে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। 

হারারেতে সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৭ উইকেটে ও ৯০ রানে জিতেছিল ভারত। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হয় টিম ইন্ডিয়ার। এতে ইংল্যান্ডকে হটিয়ে আবারও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে ভারত।

বর্তমানে সমান ২৬৮ রেটিং আছে ভারত ও ইংল্যান্ডের। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে র‌্যাংকিং তালিকায় শীর্ষে শ্রেয়াস আইয়ারের দল। 

জিম্বাবুয়ে সফরের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর করে ভারত। আয়ারল্যান্ডের কাছে দুই ও ইংল্যান্ডের কাছে চার ম্যাচ হেরে দীর্ঘ ১,৬০৫ দিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ স্থান হারায় টিম ইন্ডিয়া। ১৫ দিন পর আবারও সিংহাসন দখল করল ভারত। 

র‌্যাংকিংয়ের তৃতীয় থেকে সপ্তম স্থানে আছে যথাক্রমে- অস্ট্রেলিয়া (২৬০ রেটিং), নিউজিল্যান্ড (২৪৭ রেটিং), দক্ষিণ আফ্রিকা (২৪৪ রেটিং), পাকিস্তান (২৪০ রেটিং) ও ওয়েস্ট ইন্ডিজ (২৩৪ রেটিং)। 

২২৪ রেটিং নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে বাংলাদেশ। 

নবম ও দশম স্থানে আছে শ্রীলংকা (২২১ রেটিং) এবং আফগানিস্তান (২২০ রেটিং)। 

ভারতের বিপক্ষে সিরিজ জয়ে জিম্বাবুয়েকে সরিয়ে ১১তম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড। তাদের রেটিং ২০৫। ২০২ রেটিং নিয়ে ১২তম স্থানে আছে জিম্বাবুয়ে।