শিরোনাম

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : লিভারপুলের প্রীতি ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে জয়ের পরও জো গোমেজের চোটকে নিজের দায়িত্বগ্রহণের শুরুতে "সবচেয়ে খারাপ খবর" বলে মন্তব্য করেছেন লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলা।
বোর্নমাউথ থেকে মৌসুম শেষে লিভারপুলে যোগ দিয়ে বরখাস্ত হওয়া আর্নে স্লটের স্থলাভিষিক্ত হওয়ার পর এটি ছিল ইরাওলার দায়িত্বে প্রথম ম্যাচ।
শনিবার ন্যাশভিলে যুক্তরাষ্ট্র সফরের উদ্বোধনী ম্যাচে কিয়েরান মরিসন, ডমিনিক সোবোসলাই, ফেডেরিকো কিয়েসা এবং লুইস কৌমাসের গোলে লিভারপুল ৪-২ ব্যবধানে সান্ডারল্যান্ডকে হারায়।
তবে সেন্টার-ব্যাক হিসেবে ম্যাচ শুরু করা এবং অধিনায়কের দায়িত্ব পালন করা গোমেজ অষ্টম মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
গোমেজের আগেভাগে মাঠ ছাড়ায় ইরাওলার রক্ষণভাগের সংকট আরও বেড়ে যায়। এ্যানফিল্ডে নতুন আসা জেরেমি জ্যাকেট এখনও নিজের ফিটনেস সমস্যার কারণে ধীরে ধীরে দলে ফিরছেন, আর জিওভান্নি লিওনি দীর্ঘদিনের চোট কাটিয়ে পুনর্বাসনের পর্যায়ে রয়েছেন।
ইরাওলা সপ্তাহের শুরুতেই বলেছিলেন, রক্ষণভাগে তার স্কোয়াডে বেশ সমস্যা রয়েছে।
তিনি বলেন, "সম্ভবত সবচেয়ে খারাপ খবর হলো শুরুতেই বড় চোট পাওয়া। আমরা খুশি ছিলাম, কারণ অনুশীলনের পুরো সময়টা কোনো খেলোয়াড়কে না হারিয়েই কাটাচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শুরুতেই আমরা জো’কে হারালাম। জেরেমির ক্ষেত্রে আমরা ধীরে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি। কাঁধের চোটের কারণে সে অনেক মাস মাঠের বাইরে ছিল। তাই আমরা তাকে নিয়ে তাড়াহুড়া করব না। সম্ভবত যুক্তরাষ্ট্র সফরের শেষ ম্যাচে সে খেলবে এবং ধীরে ধীরে ম্যাচ খেলার সময় পাবে।"
চোটের ধাক্কা সত্ত্বেও ইরাওলা আশা করছেন, এই জয় নিউইয়র্কে রেক্সহ্যামের বিপক্ষে এবং শিকাগোয় লিডস ইউনাইটেডের বিপক্ষে পরবর্তী ম্যাচগুলোর আগে দলকে আরও উন্নতির ভিত্তি গড়ে দিতে সাহায্য করবে।
তিনি বলেন, "অবশ্যই অনেক কিছুই শুধরে নিতে হবে। আজ ছিল প্রথম ম্যাচ। খেলোয়াড়দের পায়ে অনুশীলনের ক্লান্তি অনুভূত হচ্ছিল। তাই আমাদের খেলায় কিছুটা সতেজতার অভাব ছিল। তবে উন্নতির জন্য এটি আমাদের একটি ভালো সূচনা এনে দিয়েছে।"
নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শেষে অতিরিক্ত বিশ্রাম দেওয়া হয়েছে ভার্জিল ফন ডাইককে। তবে ইরাওলা নিশ্চিত করেছেন, বিশ্বকাপ-পরবর্তী বিরতি শেষে আলেক্সান্ডার ইসাক, ফ্লোরিয়ান রিটজ এবং রায়ান গ্রাভেনবার্খ ইতোমধ্যে শিকাগোয় পৌঁছেছেন এবং খুব শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন।