শিরোনাম

ঢাকা, ২৬ জুলাই ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ১৯৪ রান করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। কয়েক দফা বৃষ্টি হওয়ায় টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৬৭ ওভার। আলোকস্বল্পতায় আগেভাগে শেষ হয় দিনের খেলা।
খেলা শুরুর আগে গত সপ্তাহে মৃত্যুবরণ করা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে সাবধানে শুরু করে ৫০ বলে ১৩ রানের জুটি গড়েন ক্যারিবীয় দুই ওপেনার তেজনারাইন চন্দরপল ও ব্র্যান্ডন কিং।
১ বাউন্ডারিতে ১২ রান করা কিংকে বোল্ড করে পাকিস্তানকে প্রথম উইকেট উপহার দেন পেসার মোহাম্মদ আব্বাস।
দ্বিতীয় উইকেটে রানের চাকা সচল রেখে স্কোর বোর্ডে ৫১ রান যোগ করেন চন্দরপল ও কাভেম হজ। জমে যাওয়া জুটিতে ভাঙ্গন ধরান পাকিস্তানের আরেক পেসার আমের জামাল। ১টি চারে ২১ রান করে জামালের শিকার হন চন্দরপল।
এরপর হজের সাথে ৪২ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজের রান ১শ পার করেন আমির জাঙ্গু। ২টি চার ও ১টি ছক্কায় ২১ রান তুলে আব্বাসের দ্বিতীয় শিকার হন জাঙ্গু। ১০৬ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এ অবস্থায় পাকিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন হজ ও অধিনায়ক শাই হোপ। ১৮৭ বলে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেন তারা।
টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৩ রানে অপরাজিত আছেন হজ। তার ১৮১ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি ছিল। ৯১ বলে ৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেছেন হোপ।
ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমবারের মত টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ওয়ানডে-টি-টোয়েন্টি এবং প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হলেও কখনো টেস্ট অনুষ্ঠিত হয়নি। এই ম্যাচ দিয়ে ত্রিনিদাদের দ্বিতীয় এবং ক্যারিবীয়দের ১৩তম টেস্ট ভেন্যু হিসেবে রেকর্ড বইয়ে নাম তুললো এই স্টেডিয়াম।