বাসস
  ২৬ জুলাই ২০২৬, ১৩:০৬

ভিনিসিয়াসকে দলে নিতে আগ্রহী আর্সেনাল

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে আর্সেনাল। আর্থিক দিক বিবেচনায় ব্রাজিলের এই তারকাকে দলে নেয়া সম্ভব কিনা সে বিষয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে বলে আর্সেনাল সূত্র ইএসপিএনকে নিশ্চিত করেছে। যদিও পুরো বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। 

রিয়াল মাদ্রিদের সাথে ২৬ বছর বয়সী ভিনিসিয়াসের চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি রয়েছে। 

মাদ্রিদের সাথে তার চুক্তি নবায়নের বিষয়টি যদি ব্যর্থ হয় তবে এবারের গ্রীষ্মে একমাত্র সম্ভাব্য দল হিসেবে আর্সেনালই ভিনির সামনে রয়েছে বলে সূত্রটি জানিয়েছে। 

ঐ একই সূত্র আরও জানিয়েছে ভিনিসিয়াসের বিষয়টি আমলে নিয়ে রিয়াল মাদ্রিদের চোখ এখন আরবি লিপজিগের তরুন উইঙ্গার ইয়ান ডায়মান্ডের দিকে। এক্ষেত্রে ভিনিসিয়াস যদি রিয়াল মাদ্রিদের নতুন চুক্তিতে সম্মত না হন তবে আর্সেনাল যেকোন মূল্যে ব্রাজিলিয়ার এই তারকাকে দলে ভেড়ানোর চেষ্টা করবে। 

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ভিনিসিয়াস পাঁচ ম্যাচে চার গোল করেছেন। নরওয়ের কাছে শেষ ১৬’তে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সেলেসাওরা। 

ফ্ল্যামেঙ্গোর সাবেক ফরোয়ার্ড ভিনিসিয়াস ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। এরপর থেকে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপারকোপা ও একটি কোপা ডেল রে শিরোপা জয় করেছেন। 

এর আগে চলতি সপ্তাহের শুরুতে আর্সেনাল ক্লাব ব্রাগ থেকে গ্রীক উইঙ্গার ক্রিস্টোস টিজোলিসকে দলে নেবার ঘোষনা দিয়েছে। 

এদিকে মাসের শুরুতে উত্তর লন্ডনের ক্লাব ছেড়ে টার্কিশ সুপার লিগ ক্লাব বেসিকটাসে পাড়ি জমিয়েছেন লিনড্রো ট্রোসার্ড।