বাসস
  ২৫ জুলাই ২০২৬, ২০:০০

এলপিএল’এ হাসানের জায়গায় রিপন

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি জন্য বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিতে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) মাঝপথে দেশে ফিরেছেন পেসার হাসান মাহমুদ।

এলপিএল’এ হাসানের বদলি হিসেবে কলম্বো ক্যাপসের হয়ে খেলবেন আরেক বাংলাদেশি পেসার রিপন মন্ডল।

শ্রীলংকা ছাড়ার আগে রিপনের সাথে কথা বলে তার নতুন ভূমিকার জন্য শুভকামনা জানান হাসান।

সাংবাদিকদের সাথে আলাপকালে রিপনের সাথে হওয়া কথোপকথন সম্পর্কে হাসান বলেন, ‘আমি তাকে বলেছি নিজের সেরাটা দিও এবং বদলি খেলোয়াড় হিসেবে আমার জায়গাটার সম্মান রেখো।’

এলপিএলে চার ম্যাচ খেলেছেন হাসান। ধারাবাহিক পারফরমেন্সে প্রশংসা কুড়িয়েছেন তিনি। যদিও তার চলে যাওয়াটা কলম্বো ক্যাপসের জন্য বড় ধাক্কা। তারপরও হাসান বিশ্বাস করেন, রিপন তার শূন্যস্থান পূরণ করতে পারবেন।

কলম্বো ক্যাপসের হয়ে খেলার সময় শ্রীলংকার সাবেক পেসার নুয়ান কুলাসেকারার সাথেও কাজ করেছেন হাসান। তিনি জানান, তার বোলিং অ্যাকশন এবং সামগ্রিক দক্ষতা দেখে সন্তুষ্ট ছিলেন কুলাসেকারা।

হাসান বলেন, ‘আলোচনাটি মূলত ফাস্ট বোলিংয়ের কৌশলগত দিক এবং বল গ্রিপ করার পদ্ধতির ওপর নির্ভর করে হয়েছিল।’ 

এলপিএলের পারিশ্রমিক প্রদানের প্রক্রিয়াও ব্যাখ্যা করেন হাসান। তিনি জানান, নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর সময় চুক্তিবদ্ধ পারিশ্রমিকের ২৫ শতাংশ পান খেলোয়াড়রা। বাকি অর্থ ম্যাচ খেলার সংখ্যার ওপর ভিত্তি করে পরিশোধ করা হয়। 

হাসানের বদলি হিসেবে রিপনও একই পদ্ধতিতে পারিশ্রমিক পাবেন।