শিরোনাম

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের বৈভব সূর্যবংশী।
আজ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ১৫ বছর ১১৮ দিন বয়সে হাফ-সেঞ্চুরি করেন সূর্যবংশী। যা আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে কম বয়সে হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। ১৯ বলে ৪টি করে চার ও ছক্কায় ৫০ রান করেন সূর্যবংশী।
এর আগে এই রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিন বয়সে হাফ-সেঞ্চুরি করেছিলেন মাল্লা।
ভারতের হয়ে এর আগে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ছিল লিটল মাষ্টার শচীন টেন্ডুলকারের। ১৯৮৯ সালের পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর ২১৩ দিন বয়সে হাফ-সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার।
সূর্যবংশীর বিশ্ব রেকর্ডের দিন জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। টানা ছয় টি-টোয়েন্টি হারের পর অবশেষে জয়ের দেখা পেল টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ডের কাছে দু’টি ও ইংল্যান্ডের কাছে চার ম্যাচ হারে ভারত।