বাসস
  ২৩ জুলাই ২০২৬, ২১:১৯

টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের ফাইনাল ওভালে

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বাসস) : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের (২০২৫-২৭) ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের দ্য ওভালে। ২০২৭ সালের ৯ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের ফাইনাল অনুষ্ঠিত হবে। 

আজ টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০১৯-২১ চক্রে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল সাউদাম্পটনে। ঐ আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় দ্য ওভালে। শিরোপা নির্ধারনী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বড় ব্যবধানে হারে ভারত। 

২০২৩-২৫ চক্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল আয়োজন করে ঐতিহাসিক লর্ডস ভেন্যু। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। 

লর্ডসের ভেন্যুতে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল সফলভাবে হওয়ায়, ২০২৭ সালের ফাইনালও লর্ডসে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  

কিন্তু এবারের গ্রীষ্মে লর্ডসে অনুষ্ঠিত ইংল্যান্ড ও নিউজিল্যান্ড টেস্টের উইকেট নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। অতিরিক্ত সিম মুভমেন্ট, অসম বাউন্সের কারনে ঐ টেস্টে বোলারদের সামলাতে হিমশিম খেতে হয়েছে বোলারদের। তাই ম্যাচটি ১৬৬ ওভারেই শেষ হয়ে যায়। পরে লর্ডসের উইকেটকে ‘অসন্তোজনক’ জানিয়ে একটি ডিমেরিট পয়েন্ট দেয় আইসিসি।

এজন্য লর্ডসের পিচ উন্নয়নের পরিকল্পনা নিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। 

আগামী বছর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। ২০২৭ সালের ২৮ মে ঐতিহাসিক লর্ডসে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে দু’দল। ২০১০ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ।