শিরোনাম

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম ও বার্বাডোজের দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩শ উইকেট শিকারের মাইলফলক অর্জনের স্বীকৃতিস্বরূপ পেসার কেমার রোচকে বিশেষ সম্মাননা দেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (সিডব্লিউআই)। রোচকে সম্মাননা জানানো হবে তার নিজ শহরের মাঠ বার্বাডোজে।
আগামীকাল বার্বাডোজে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ঐ ম্যাচের ইনিংস বিরতিতে রোচকে সম্মাননা জানাবে সিডব্লিউআই।
এই সম্মাননা অনুষ্ঠানে বার্বাডোজ সরকার এবং বার্বাডোজ ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
গেল মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ। ঐ সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ২ ও ৪ উইকেট শিকার করেন রোচ। ফলে টেস্ট ক্রিকেটে ক্যারিয়ারের ৮৯ ম্যাচে ৩শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তিনি।
রোচের আগে টেস্টে ৩শ বা তার বেশি উইকেট শিকার করেছেন কার্টনি ওয়ালশ (১৩২ ম্যাচে ৫১৯ উইকেট), কার্টনি অ্যামব্রোস (৯৮ ম্যাচে ৪০৫ উইকেট), ম্যালকম মার্শাল (৮১ ম্যাচে ৩৭৬ উইকেট) এবং ল্যান্স গিবস (৭৯ ম্যাচে ৩০৯ উইকেট)। ৮৯ ম্যাচে ৩শ উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন রোচ।
২০০৯ সালের জুলাইয়ে কিংসটাউনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় রোচের। অভিষেক টেস্টের দুই ইনিংসে ৩টি করে উইকেট নেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি রোচকে। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে পেস আক্রমনের অন্যতম ভরসা এখন রোচ।
রোচের সম্মাননা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সভাপতি কিশোর শ্যালো বলেন, ‘প্রায় দুই দশক যাবত অসাধারণ নিষ্ঠা ও দক্ষতার সাথে ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করে আসছে রোচ। এই প্রজন্মের একজন ক্রিকেটার হিসেবে অসাধারন অবদানের জন্য খেলার কিংবদন্তিদের পাশে জায়গা করে নিয়েছে সে।’
তিনি আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট থেকে রোচকে আন্তরিক অভিনন্দন জানাই। এই সম্মান তার প্রাপ্য এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে তার গভীর অবদানেরই স্বীকৃতি। ’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে ৩৮ বছর বয়সী রোচের। ৯৫ ওয়ানডেতে ১২৫ এবং ১১ টি-টোয়েন্টিতে ১০ উইকেট শিকার করেছেন তিনি।