শিরোনাম

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : কানাডা সুপার সিক্সটি লিগের দ্বিতীয় আসরে ভ্যাঙ্কুভার অ্যাঙ্কর্সের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। টি-টেন ফরম্যাটের এই আসর আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হবে। ছয়দিন ব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে ৪ অক্টোবর।
প্রথমবারের মত টি-টেন ফরম্যাটের কোন টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ। মার্কুই প্লেয়ার ক্যাটাগরিতে ফিজকে দলে ভিড়িয়েছে ভ্যাঙ্কুভার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অ্যাকাউন্টে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভ্যাঙ্কুভার অ্যাঙ্কর্স।
মুস্তাফিজের ছবি দিয়ে ক্যাপশনে ভ্যাঙ্কুভার লিখেছে, ‘বড় চমক। কাটার মাস্টার' মোস্তাফিজুর রহমানকে 'ভ্যাঙ্কুভার অ্যাঙ্কর্স'-এ স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত! দুর্দান্ত সব ইয়র্কার ও কাটার দেখার জন্য প্রস্তুত হয়ে যান। ‘দ্য ফিজ’ এখন আনুষ্ঠানিকভাবে একজন ‘অ্যাঙ্কর’। আসুন সবাই মিলে গর্জে উঠি!’
সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল করার পরই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি ফিজ।
মুস্তাফিজ ছাড়াও ইংল্যান্ডের মঈন আলি-ক্রিস জর্ডান, নেপালের দীপেন্দ্র সিং আইরের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ভ্যাঙ্কুভার। দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থার।
কানাডা সুপার সিক্সটি লিগের দ্বিতীয় আসরে বিভিন্ন দলের হয়ে আরও খেলবেন কলিন মুনরো, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, টম কারান, ইমাদ ওয়াসিম, ক্রিস লিন, সিকান্দার রাজারা।
ভ্যাঙ্কুভার অ্যাঙ্করস দল : মঈন আলি, মুস্তাফিজুর রহমান, দীপেন্দ্র সিং আইরে, আখিল কুমার, ম্যাক্স চু, ক্রিস জর্ডান, শের আলি, আদবিত ঢাবে, ম্যাথু স্পুরস, শুবম হান্ডা, গুরনেক জোহাল, আনেরিন ডোনাল্ড, টম মুরস, বেন স্যান্ডারসন।