বাসস
  ২০ জুলাই ২০২৬, ১৮:০৩

ফাইনালে হেরেও আর্জেন্টিনায় ছুটি ঘোষণা

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস) :  বিশ্বকাপে আর্জেন্টিনা দলের পারফরম্যান্স উদযাপনের জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফ যে দিন নির্ধারণ করবেন, সেদিন দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

রোববার অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করলেও আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও কোচিং স্টাফকে বীরের সম্মানেই স্বাগত জানানো হবে।

কুসংস্কারের কথা উল্লেখ করে নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে উপস্থিত না থাকা প্রেসিডেন্ট মিলেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, "বিশ্বকাপ উদযাপন।

আর্জেন্টিনা জাতীয় দলের অর্জন উদযাপন নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, সে বিষয়ে আমি দেশবাসীকে জানাতে চাই যে খেলোয়াড় ও কোচিং স্টাফ উদযাপনের যে তারিখ নির্ধারণ করবেন, সেই দিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করা হবে।"

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, দলের প্রতিনিধিদলের একটি অংশ সোমবার বিকেলে বুয়েন্স আয়ার্সে ফিরবে। তবে কয়েকজন খেলোয়াড় আপাতত দেশে ফিরছেন না।

এএফএ’র এক বিবৃতিতে বলা হয়, "ফাইনালের পর দলের কয়েকজন খেলোয়াড় যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বিভিন্ন গন্তব্যে যাবেন, যাতে তারা নিজ নিজ ক্লাবে যোগ দিতে পারেন অথবা ছুটি কাটানো শুরু করতে পারেন। অন্যদিকে খেলোয়াড়, কোচিং স্টাফ ও অন্যান্য কর্মকর্তাসহ প্রতিনিধিদলের একটি অংশ আগামীকাল (সোমবার) আর্জেন্টিনায় ফিরবে। তাদের বিকেল প্রায় ৫টার দিকে পৌঁছানোর কথা রয়েছে।"

আর্জেন্টিনা ১৯৫৮ ও ১৯৬২ সালে পেলের নেতৃত্বে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না।

অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেস কাছ থেকে জোরালো শটে জয়সূচক গোলটি করেন। এর মাধ্যমে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয়।

একপেশে ফাইনালে পুরোটা সময়জুড়ে ছিল স্পেনের আধিপত্য। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে তারা একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল।

অন্যদিকে ৯৩তম মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। পুরো ম্যাচে তাদের প্রথম লক্ষ্যে নেওয়া শট আসে ১১৭তম মিনিটে। লিওনেল মেসির ঐ প্রচেষ্টা স্পেনের রক্ষণভাগ প্রতিহত করে।

প্রেসিডেন্ট মিলেই খেলোয়াড়দের লড়াকু মানসিকতার প্রশংসা করে এক্সে লিখেছেন, ‘‘অসংখ্য ধন্যবাদ, খেলোয়াড়...!!! শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা লড়েছ। আর্জেন্টিনা সব সময় মাথা উঁচু করে থাকবে।"