বাসস
  ২০ জুলাই ২০২৬, ১৭:৩৭

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‌্যাকিংয়ের শীর্ষে স্পেন

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস) : দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মত  ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। গতরাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়ে স্পেন। 

আর্জেন্টিনাকে হটিয়ে এক ধাপ উন্নতিতে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছে স্পেন। 

ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ৩০.২৭ পয়েন্ট অর্জন করেছে স্পেন। মোট ১৯৯৫.৮৮ পয়েন্ট নিয়ে এখন বিশ্বের এক নম্বর দল লা রোজারা।
বিশ্বকাপ শুরুর আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের দ্বিতীয়স্থানে ছিল স্পেন।  

স্পেনের কাছে ফাইনাল হেরে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান হারিয়েছে আর্জেন্টিনা। এক ধাপ অবনতিতে দ্বিতীয় স্থানে নেমে গেছে তারা। ১৯৭০.৩৭ পয়েন্ট আছে তাদের। 

র‌্যাংকিংয়ের শীর্ষে থেকেই চলতি বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। তখন তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১।

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে চতুর্থ স্থান থেকে আসর শেষ করে ফ্রান্স। তবে বিশ্বকাপ শেষে র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে আছে তারা। তাদের অর্জিত পয়েন্ট ১৯৪৮.৯৭। বিশ্বকাপের আগে ১৮৬৯.৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ফরাসিরা। 

ফিফা র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানে আছে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার তৃতীয় স্থান পাওয়া ইংল্যান্ড। গোল উৎসবের ম্যাচে ফরাসিদের হারিয়ে তৃতীয় হয় ইংলিশরা। ১৯২২.৮৩ পয়েন্ট আছে তাদের। 

র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ব্রাজিলের সংগ্রহে আছে ১৮০৪.৯২ পয়েন্ট। 

এরপর ষষ্ঠ থেকে দশম স্থান পর্যন্ত আছে যথাক্রমে- মরক্কো (১৮০৩.৯৯ পয়েন্ট), পর্তুগাল (১৭৮৭.৮৫ পয়েন্ট), বেলজিয়াম (১৭৭৮.৩৬ পয়েন্ট), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪ পয়েন্ট) ও মেক্সিকো (১৭৫৪.৩০ পয়েন্ট)।