বাসস
  ১৯ জুলাই ২০২৬, ১৭:৪১

বিদায়লগ্নে বিশ্বকাপকে ‘চমৎকার’ বললেন দেশ্যম

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম ১৪ বছরের অত্যন্ত সফল এক মেয়াদ শেষ করে বিদায় নেওয়ার সময় বলেছেন, তার খেলোয়াড়দের সঙ্গে কাটানো সময়টি ছিল “সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা”।

দেশ্যম ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা জিতিয়েছিলেন। এর মাধ্যমে তিনি কোচ ও খেলোয়াড়  উভয় ভূমিকায় বিশ্বকাপ জয়ী সফলদের তালিকায় নাম লেখান।

২০২২ সালে কাতারের দোহায় অনুষ্ঠিত বিশ্বকাপেও তিনি ফ্রান্সকে ফাইনালে তুলেছিলেন, যদিও সেখানে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে পরাজিত হয় লেস ব্লুজরা।

২০২৬ বিশ্বকাপে উত্তর আমেরিকার মাটিতে দুর্দান্ত সূচনা করলেও, সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় ফ্রান্সের।

শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নাটকীয় এক পরাজয়ের পর দেশ্যম বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে কাটানো এই টুর্নামেন্টটি ছিল “দারুণ সুন্দর”।

তিনি বলেন, “মানবিক দিক থেকে তাদের সঙ্গে এটি ছিল সত্যিই এক অসাধারণ যাত্রা। প্রস্তুতি শুরুর পর থেকে গত আট সপ্তাহ আমরা একসঙ্গে কাটিয়েছি, যা ছিল অসাধারণ সুন্দর।”

তবে ফুটবলীয় দিক থেকে তিনি স্বীকার করেন, এত উচ্চাকাঙ্খা নিয়ে যাত্রা শুরু করা এই দলের জন্য শেষ পর্যন্ত ফলাফলটি ছিল “হতাশাজনক”।

দেশ্যম বলেন, “আমরা অনেক ইতিবাচক কাজ করতে পেরেছি। কিন্তু স্পেনের বিপক্ষে ম্যাচে আমরা ব্যর্থ হয়েছি, আর তারা আমাদের বিপক্ষে খুবই উচ্চমানের ফুটবল খেলেছে।”

৫৭ বছর বয়সী দেশ্যম এখন দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, তার স্থলাভিষিক্ত হবেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।

তবে বিদায়বেলায় দেশ্যম আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ফ্রান্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

তিনি বলেন, “আমাদের বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছে, যারা আরও উন্নতি করবে। তাদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই এবং এই দল ভবিষ্যতেও খুব ভালো ফল অর্জন করতে সক্ষম হবে।”