বাসস
  ১৭ জুলাই ২০২৬, ২২:৪৫

আর্জেন্টিনা-স্পেন ফাইনালে রেফারি ভিনচিচ

ঢাকা, ১৭ জুলাই ২০২৬ (বাসস) : আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যকার ২৩তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ফিফা। ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ।

আগামী রোববার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

ফাইনালে ৪৬ বছর বয়সি ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ।

চতুর্থ ও রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে- জর্ডানের আধহাম মাখাদমেহ এবং কাতারের মোহাম্মদ আলকালাফ।

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন ভিনচিচ। গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো এবং জর্ডান-আলজেরিয়ার পর শেষ ৩২-এ মেক্সিকো-ইকুয়েডরের ম্যাচ পরিচালনা করেন তিনি। আর্জেন্টিনা-স্পেন ফাইনালটি এবারের আসরে চতুর্থ ম্যাচ হবে ভিনচিচের। আর ক্যারিয়ারে বিশ্বকাপের ষষ্ঠ হতে যাচ্ছে তার।

বিশ্বকাপ মঞ্চে আর্জেন্টিনার মাত্র একটি ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচের। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটি ২-১ গোলে জয়ী হয়ে বিশ্বকাপ শুরু করেছিল লিওনেল মেসির দল। পরবর্তীতে আসরের শিরোপাও ঘরে তুলে আর্জেন্টিনা।

স্পেনের পাঁচটি ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে ভিনচিচ। ঐ পাঁচ ম্যাচের কোনোটিতেই হারেনি স্প্যানিশরা। ২০১৭ সালে কলম্বিয়া ম্যাচ ২-২ গোল ড্র, ২০২০ সালে ইউরোয় সুইডেন ম্যাচ গোলশূন্য, ২০২৩ সালে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ইতালির বিপক্ষে ২-১ গোলে জয় পায় স্পেন।

এছাড়াও ইউরো ২০২৪-এ  ইতালির বিপক্ষে স্পেনের ১-০ গোলে জয় এবং সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেনের ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে রেফারি ছিলেন ভিনচিচ।

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পান ভিনচিচ। এরপর ১২ বছর পর বিশ্বকাপে অভিষেক হয় তার। ২০২২ সালে কাতার বিশ্বকাপে অভিষেক হওয়া ভিনচিচ ২টি ম্যাচ পরিচালনা করেছিলেন।

এছাড়া আন্তর্জাতিক পর্যায় এবং ইউরোপের বড় বড় প্রতিযোগিতায় দীর্ঘ দিন ধরে রেফারির দায়িত্ব পালন করে আসছেন ভিনচিচ।

বিশ্বকাপ ফাইনাল ম্যাচের জন্য ফিফা ঘোষিত রেফারিদের তালিকা :

রেফারি : স্লাভকো ভিনচিচ (স্লোভেনিয়া)

সহকারী রেফারি : তোমাজ ক্লানচনিক (স্লোভেনিয়া)

সহকারী রেফারি : আন্দ্রাজ কোভাচিচ (স্লোভেনিয়া)

চতুর্থ রেফারি : আধহাম মাখাদমেহ (জর্ডান)

রিজার্ভ সহকারী রেফারি : মোহাম্মদ আলকালাফ (কাতার)