বাসস
  ১৩ জুলাই ২০২৬, ২০:৩৪

চিভাঙ্গাকে তিরস্কার করল আইসিসি

ঢাকা, ১৩ জুলাই ২০২৬ (বাসস): গত শনিবার হারারেতে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালীন আইসিসি আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের জন্য জিম্বাবুয়ের পেসার তানাকা চিভাঙ্গাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

আইসিসি আরও জানিয়েছে, খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়। 

বাংলাদেশের ইনিংস চলাকালীন সতীর্থ ইনোসেন্ট কাইয়ার কাছ থেকে দ্রুত বল থ্রো করার জন্য তাড়া দেন চিভাঙ্গা। দেরি হওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে মেজাজ হারিয়ে অশালীন ভাষা ব্যবহার করেন চিভাঙ্গা।

ম্যাচ রেফারি ডেভিড গিলবার্গের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন চিভাঙ্গা। তাই আর কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে চিভাঙ্গার। যা গত ২৪ মাসের মধ্যে এটি তার প্রথম অপরাধ।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক জিম্বাবুয়ে। এর আগে, এক ম্যাচের টেস্ট সিরিজে ইনিংস ও ৮৫ রানে জয় পায় তারা। 

আগামী ১৫ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।