বাসস
  ১২ জুলাই ২০২৬, ২০:৩৪

নাহিদ-তাসকিন-শরিফুলদের নিয়ে সর্তক অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ জুলাই ২০২৬ (বাসস) : আগামী মাসে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন অসিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। 

অস্ট্রেলিয়ার কন্ডিশনে স্বাগতিক দলকে বিপদে ফেলার মত বোলার বাংলাদেশ দলে আছে বলে জানান ম্যাকডোনাল্ড। বিশেষ করে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের কথা উল্লেখ করেন তিনি। 

বাংলাদেশের পেস আক্রমণকে টেস্ট ক্রিকেটের অন্যতম দ্রুতগতির ইউনিট হিসেবে অভিহিত করেন ম্যাকডোনাল্ড। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ বোলারদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অস্ট্রেলিয়ার ব্যাটারদের অনেক বেশি প্রস্তুতির প্রয়োজন আছে। তাদের এমন একটি পেস আক্রমণ রয়েছে যা অস্ট্রেলিয়ার মাটিতে বেশ শক্তিশালী হয়ে উঠতে পারে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন সিরিজ নিয়ে আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আমি জানি এটি ভিন্ন ফরম্যাট, তবে তাদের বোলাররা কিভাবে বল করে এবং তাদের বোলিং অ্যাকশন কেমন, সেগুলো বুঝতে হবে আমাদের।’

গত মাসে ঢাকায় অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নাহিদ রানার দুর্দান্ত বোলিং স্পেলের কথা স্মরণ করিয়ে দেন ম্যাকডোনাল্ড। ঐ ম্যাচে ৪১ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অবদান রাখেন রানা।

ম্যাকডোনাল্ড বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের বিপাকে ফেলেছিল রানা। কখনও কখনও এমনটা হতে পারে যখন প্রতিপক্ষ সম্পর্কে কোনো পূর্ব-ধারণা থাকে না। আমরা তাকে আগে দেখিনি এবং সে সম্পূর্ণ ভিন্ন এক বোলিং অ্যাকশন নিয়ে মাঠে নেমেছিল।’

বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ হার নিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো দল। নিজেদের কন্ডিশনে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতেছে তারা। নিজেদের মাঠে তারা সত্যিই শক্তিশালী দল।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকভিজ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চে অভিষেকের পর টেস্ট ক্রিকেটের দ্রুততম বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রানা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত সাম্প্রতিক একমাত্র টেস্ট ম্যাচে রানা-তাসকিন ও শরিফুলকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। অপেক্ষাকৃত দুর্বল পেস আক্রমণ নিয়ে খেলা ঐ ম্যাচে টাইগাররা ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে যায়। 

বাংলাদেশের পেসারদের প্রশংসা করা সত্ত্বেও ম্যাকডোনাল্ড মনে করেন, দুই ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের গভীরতা এবং স্পিন বিভাগই বড় ভূমিকা পালন করতে পারে। 

ম্যাকডোনাল্ড বলেন, ‘আমার মনে হয় যেকোনো সফরকারী দলের জন্যই রান তোলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। সম্প্রতি অস্ট্রেলিয়াতে আমরা দেখেছি, যেসব পিচে আমরা খেলেছি, সেখানে আমাদের দলেরও রান সংগ্রহ করতে বেশ বেগ পেতে হয়েছে।’

২৩ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট এবং ২২ আগস্ট ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।