বাসস
  ১১ জুলাই ২০২৬, ১৪:৪০

ফিট থাকলে রোনালদো অবশ্যই দলে ডাক পাবেন

ঢাকা, ১১ জুলাই ২০২৬ (বাসস) : জর্জ জেসুসকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পর্তুগাল। দায়িত্ব নিয়েই জেসুস আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন অভিজ্ঞ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ফিট থাকলে অবশ্যই দলে ডাক পাবেন। তার মতে রোনালদো কখনই দলের জন্য কোনও সমস্যা নয়। 

বিশ্বকাপে কোচ রবার্তো মার্টিনেজের অধীনে পারফরমেন্সে ঘাটতিতে ৪১ বছর বয়সী রোনালদো বেশ সমালোচিত হয়েছে। শেষ ষোলতে স্পেনের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে পর্তুগাল। 

ক্যারিয়ারে ষষ্ঠ বিশ্বকাপ খেলে এবারের আসরই শেষ বিশ্বকাপ বলে আগেই ঘোষনা দিয়েছিলেন রোনালদো। 

তবে জাতীয় দলের হয়ে আরও খেলবেন কিনা এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেননি।

জেসুস বলেন, ‘সে যতদিন খেলবে এবং নির্বাচনের জন্য উপযুক্ত থাকবে আমি তাকে দলে নিব। তবে পরিস্থিতি বিবেচনায় আমি অবশ্যই জাতীয় দলের জন্য সেরা খেলোয়াড়দেরই বেছে নিব। ’

৭১ বছর বয়সী জেসুস জানিয়েছেন তিনি এখনও রোনালদোর সাথে কোনও কথা বলেননি। তবে ভবিষ্যত নিয়ে খুব শিগগিরই তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকার সাথে আলোচনায় বসবেন। 

জেসুস বলেন, "এখনও ক্রিসের সঙ্গে আমার কথা হয়নি... ক্রিস কখনোই জাতীয় দলের জন্য সমস্যা হবে না। 

জাতীয় দলের জন্যও নয়, আমার জন্যও নয়। ক্রিস পর্তুগিজ ফুটবলের প্রতীক। তিনি জাতীয় দলেরও প্রতীক... ইতিহাসের পাতায় তার নাম চিরকাল লেখা থাকবে। গত এক বছরে তার সঙ্গে কাজ করে আমি ভীষণ আনন্দ পেয়েছি। তার সঙ্গে কাজ করা খুবই সহজ। আমরা দুজন বসে আলোচনা করব, সে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কী করতে চায়।"

জেসুস গত মে মাস পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল-নাসর-এর কোচ ছিলেন। তার অধীনেই পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী রোনালদো খেলেছেন। জেসুসের অধীনে ক্লাবটিকে সৌদি প্রো লিগের শিরোপা জিতিয়েছেন।

তিনি বলেন, "আমি জানি, রোনালদো আল-নাসরে খেলতে চালিয়ে যেতে চায়। কারণ, আপনারা জানেন, আমি তার সঙ্গে এক বছর কাজ করেছি। সে সব সময় আমাকে বলত, 'আমি আল-নাসরেই আমার ক্যারিয়ার শেষ করব।

জেসুস ২০৩০ সালের বিশ্বকাপ শেষে পর্যন্ত পর্তুগাল জাতীয় দলের দায়িত্বে থাকবেন। ওই বিশ্বকাপের যৌথ আয়োজক হবে পর্তুগাল, স্পেন ও মরক্কো।