শিরোনাম

ঢাকা, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে দলকে নেতৃত্ব দেওয়ার আগে সমর্থকদের উদ্দেশে বলেছেন, "স্বপ্ন দেখে যেতে থাকুন।"
এই মিডফিল্ডার বলেন, শিরোপাধারী আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাই সুইজারল্যান্ডের সর্বোচ্চ লক্ষ্য।
কানসাস সিটিতে সাংবাদিকদের তিনি বলেন, "সমর্থকদের উদ্দেশে বলব, স্বপ্ন দেখে যান। আমি এমন একজন মানুষ, যে সবসময় স্বপ্ন দেখে। আর স্বপ্ন সত্যি হতে পারে। আর যদি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই, তাহলে কঠোর পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে, শতভাগ উজাড় করে দিতে হবে। কখনও কখনও নতুন কিছু করতেও হয়।
আর্জেন্টিনাকে হারাতে চাইলে আপনাকে নিজের সীমা ছাড়িয়ে যেতে হবে।"
সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন বলেন, টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসিকে থামানোর জন্য তার দলের অনেক সমাধান রয়েছে।
তিনি বলেন, "আগামীকাল মাঠে আমরা একটি ঐক্যবদ্ধ দল হিসেবে খেলব। আমরা পাসিং ফুটবল খেলতে চেষ্টা করব এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে উঁচু লাইন থেকে চাপ সৃষ্টি করব।"
তিনি আরও বলেন, "অবশ্যই আমরা মাঠেই কাজটা করে দেখাতে চাই। অনেক কথাই বলা যায়, কিন্তু শেষ পর্যন্ত সেটার প্রতিফলন মাঠেই ঘটাতে হবে। আর আমাদের সেই পরিকল্পনা রয়েছে।"
জাকা স্বীকার করেন, পুরো ৯০ মিনিট মেসিকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় রাখা সম্ভব নয়। তবে তার দল বুদ্ধিমত্তার সঙ্গে খেলবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি বলেন, "আমি জানি না, ৯০ মিনিট ধরে আমরা তাকে থামিয়ে রাখতে পারব কি না। এটা খুবই কঠিন হবে। তবে আমাদের খুব বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে হবে। আমাদের রক্ষণকে সুশৃঙ্খল রাখতে হবে, ফাঁকা জায়গা বন্ধ করতে হবে এবং তাকে খুব বেশি জায়গা দেওয়া যাবে না। অবশ্যই আমরা নিজেদের পজিশন ধরে রেখে খেলতে চেষ্টা করব। বল যখন আমাদের দখলে থাকবে, তখন সে ততটা প্রভাব বিস্তার করতে পারবে না।"
এদিকে ইয়াকিন জানান, গ্রুপ পর্বে দারুণ পারফর্ম করা মিডফিল্ডার জোহান মানজাম্বি চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না।