বাসস
  ১০ জুলাই ২০২৬, ২১:২৮

দেশে ফিরে উষ্ণ সংবর্ধনা পেল মিশরের ফুটবলাররা

ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপ ফুটবলে নিজেদের সেরা সাফল্যের পর আজ দেশে ফিরে উষ্ণ সংবর্ধনা পেয়েছে মিশর জাতীয় দল। 

বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর মিসরের উত্তরাঞ্চলীয় শহরে অবস্থিত ‘এল-আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে’ অবতরণ করেন দেশটির জাতীয় ফুটবল দল। 

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বের হওয়ার পর আলামেইন শহরের রাস্তায় জড়ো হয়ে মিশরীয় জাতীয় দলকে স্বাগত জানান হাজার হাজার সমর্থক। 

ছাদখোলা বাসে চড়ে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন খেলোয়াড়রা। এসময় ছাদখোলা বাসে চড়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন তারা। 

জাতীয় পতাকা ও দেশাত্মবোধক গানের সাথে ‘মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’-লেখা ব্যানারে ভরে যায় পুরো এলাকা। 

বিশ্বকাপে প্রথম পর্বে ৩ ম্যাচ খেলে ১টিতে জয় ও ২টিতে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে নক আউট পর্বের টিকিট পায় মিশর। এর আগে আগে তিনবার বিশ্বকাপে অংশ নিলেও জয়ের মুখ দেখেনি তারা। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় পায় মিশর। 

শেষ ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ ১৬তে ওঠে মিশর। এরপর শেষ ষোলোতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। 

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। পরের ১৩ মিনিটে তিন গোল হজম করে ম্যাচ হারে তারা। 

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্নও তুলে মিশর।