শিরোনাম

ঢাকা, ৬ জুলাই, ২০২৬ (বাসস): যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে দেখানো ‘ভয়াবহ’ লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে অনুরোধ করেছিলেন বলে সোমবার নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেন, তিনি শাস্তি প্রত্যাহারের জন্য কোনো অনুরোধ করেননি।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি সিদ্ধান্তটি পর্যালোচনার অনুরোধ করেছিলাম, কারণ আমার মনে হয়নি এটি ফাউল ছিল। আমি শুধু পর্যালোচনার কথা বলেছি, এটা করতেই হবে, এমন কিছু বলিনি।’
তিনি বলেন, ‘এটি কোনো অপরাধই ছিল না। দুজন খেলোয়াড়ই সর্বোচ্চ গতিতে দৌড়াচ্ছিল এবং ঘটনাক্রমে একে অপরের সঙ্গে ধাক্কা লেগেছে।’
নিজের ক্রীড়া-জ্ঞান তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমি খেলাধুলা খুব ভালো বুঝি।’
তিনি স্বীকার করেন, প্রথমে তিনি জানতেন না যে সরাসরি লাল কার্ড পাওয়ায় বালোগুন পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। এ নিয়মকে তিনি ‘খুবই অন্যায্য’ বলে মন্তব্য করেন।
লাল কার্ড দেখানো ব্রাজিলীয় রেফারি রাফায়েল ক্লাউসকেও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘তার অতীত রেকর্ড দেখলে তাকে কিছুটা সন্দেহজনক মনে হবে।’
বসনিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে এক প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ের ওপর পা দেওয়ার ঘটনায় ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর বালোগুনকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। ওই ম্যাচে যুক্তরাষ্ট্র ২-০ গোলে জয় পেয়েছিল। ফলে সোমবার সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ১৬-এর ম্যাচে তার না খেলার কথা ছিল।
২০২০ সালের নির্বাচনের মতো কারচুপি
ফিফার নিয়ম অনুযায়ী, সরাসরি লাল কার্ড পেলে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং খেলোয়াড়ের দল এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে না।
তবে ফিফা রোববার জানায়, ট্রাম্পের ব্যক্তিগত ফোনকলের পর বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমাদের পূর্ণ শক্তির দল থাকবে, বেলজিয়ামেরও পূর্ণ শক্তির দল থাকবে। তারপরও যদি তারা আমাদের হারায়, তাহলে তারা সত্যিই গর্ব করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘অন্যভাবে যদি তারা জেতে... তাহলে আমি বলব, এটা কারচুপি ছিল, ঠিক যেমন ২০২০ সালের নির্বাচনেও কারচুপি হয়েছিল।’
এ সময় তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজয়ের পর ব্যাপক ভোট জালিয়াতির যে অভিযোগ করেছিলেন, তারই পুনরাবৃত্তি করেন। তবে সে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বালোগুনকে খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বেলজিয়ামের ফুটবল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, এ সিদ্ধান্তে তারা ‘স্তম্ভিত’ এবং এটি ফিফার নিজস্ব নিয়মের ‘সরাসরি পরিপন্থী’।
চলতি টুর্নামেন্টে তিন গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা বালোগুন যুক্তরাষ্ট্রের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই বেলজিয়ামের বিপক্ষে তার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হতে পারত।
ফিফার শৃঙ্খলা কমিটিই বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।