শিরোনাম

ঢাকা, ৫ জুলাই ২০২৬ (বাসস) : বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ওয়ানডেতে ২শ উইকেট শিকারের দ্বারপ্রান্তে রয়েছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।
আগামীকাল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৭ উইকেট নিলেই বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ওয়ানডেতে ২শ উইকেট শিকারীর ক্লাবে নাম লেখাবেন মুস্তাফিজ।
২০১৫ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় মুস্তাফিজের। এরপর দেশের জার্সিতে ১২৩ ম্যাচের ১২১ ইনিংসে ১৯৩ উইকেট শিকার করেন ফিজ।
বল হাতে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজ। গেল মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৬ উইকেট নেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজের ওয়ানডে রেকর্ডও বেশ সমৃদ্ধ। ১২ ম্যাচে ৩৮৮ রান খরচায় ২৪ উইকেট শিকার করেছেন তিনি। এরমধ্যে জিম্বাবুয়ের মাটিতে ৩ ম্যাচে ৮ উইকেট আছে ফিজের।
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ২শ বা তার বেশি উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ও আব্দুর রাজ্জাক। সাকিব ২৪৭ ম্যাচে ৩১৭, মাশরাফি ২১৮ ম্যাচে ২৬৯ এবং রাজ্জাক ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট শিকার করেছেন।