শিরোনাম

ঢাকা, ৩ জুলাই ২০২৬ (বাসস) : পিছিয়ে থেকেও ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ে শেষ ১৬-তে নাম লেখায় তারা। দলের হয়ে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গনসালো রামোস।
ম্যাচে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন রোনালদো। বিশ্বকাপে নিজের ষষ্ঠ আসরে এসে নকআউট পর্বে নিজের প্রথম গোলের দেখা পেলেন তিনি।
বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ৪১ বছর বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে খেললেন রোনালদো।
৪১ বছর ১৪৭ দিন বয়সে বিশ্বমঞ্চে গোল করেও রেকর্ড গড়েছেন রোনালদো। বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি বয়সে গোলের কীর্তি এখন রোনালদোর।
চলতি আসরে এ পর্যন্ত তিন গোল করেছেন রোনালদো। বিশ্বকাপের এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ গোল তার। ২০১৮ আসরে রাশিয়া বিশ্বকাপে চার গোল করেছিলেন রোনালদো।
পেনাল্টি থেকে বিশ্বকাপে চতুর্থ গোল করে লিওনেল মেসি-গাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড স্পর্শ করেছেন রোনালদো। বিশ্বকাপে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি পাঁচ গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ৪টি করে গোল করেছেন আর্জেন্টিনার মেসি-বাতিস্তুতা, পর্তুগালের ইউসেবিও এবং নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক।
প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে ২৫ গোলের বেশি করেছেন রোনালদো।
বিশ্বকাপের চারটি ভিন্ন ভিন্ন আসরে গোল করা ষষ্ঠ খেলোয়াড় পেরিসিচ। ছয়টি আসরে গোল করার রেকর্ড আছে রোনালদো। পাঁচ আসরে মেসি, মিরোস্লাভ ক্লোসা, উয়ি সিলার ও পেলের গোল করার নজির আছে।
ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বয়সি গোলদাতা এখন পেরিসিচ। ৩৭ বছর ১৫০ দিন বয়সে গোল করে ইভিচা ওলিচকে টপকে গেছেন পেরিসিচ। ৩৪ বছর ২৭৭ দিন গোল করেছেন ওলিচ।
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচে ২০ এর বেশি ম্যাচ খেলা তিনজন খেলোয়াড় অংশ নিয়েছেন। এরা হলেন- রোনালদো, মদ্রিচ ও পেরিসিচ। রোনালদো ২৬ ম্যাচ, মদ্রিচ ২৩ ম্যাচ এবং পেরিসিচ ২১ ম্যাচ খেলেছেন।